ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: জবিশিস সভাপতি

২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। © টিডিসি সম্পাদিত

আওয়ামী লীগের সময়ে ডিন হিসেবে দায়িত্ব পালনের সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন রাজনৈতিক বয়ানে প্রচার করে তাকে হেয় করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। তিনি বলেন, খণ্ডিত ছবি দিয়ে কারও রাজনৈতিক পরিচয় নির্ধারণ করা বিভ্রান্তিকর ও অনৈতিক। শনিবার (২৮ নভেম্বর) ফেসবুক পোস্টে এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান তিনি।

বিজ্ঞপ্তিতে মঞ্জুর মুর্শেদ জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে ডিন নিয়োগ দেওয়া হয়। এটি নির্বাচন কিংবা প্রশাসনের পছন্দ-অপছন্দের বিষয় নয়। দায়িত্ব গ্রহণের দিন উপাচার্য ও ট্রেজারারের শুভেচ্ছা গ্রহণ, নীতিনির্ধারণী সভা এবং জাতীয় দিবসের কর্মসূচিতে অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক দায়িত্বেরই অংশ। এসব অনুষ্ঠানের ছবি রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত বলে তার অভিযোগ।

তিনি বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি ডিনের দায়িত্ব পেয়েছিলেন। ওই সময়ের ছবিগুলোও তখন প্রকাশ্যে শেয়ার করা হয়েছিল।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। এ ছাড়া ১৭ বছর ধরে সাদা দলের সক্রিয় সদস্য ছিলেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তার স্ত্রী একাধিকবার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েও নিয়োগ পাননি বলে দাবি করেন তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক মঞ্জুর বলেন, তিনি শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে ছিলেন। হত্যাকাণ্ড ও দমন-পীড়নের প্রতিবাদে কয়েকজন সহকর্মীর সঙ্গে ঝুঁকি নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এ কারণে তার পরিবারও হুমকির মুখে পড়েছিল বলে জানান তিনি।

এক শিক্ষার্থীর আত্মহত্যার পর আয়োজিত দোয়া মাহফিলে মসজিদে তার উপস্থিতির ছবিও আপত্তিকরভাবে ব্যবহার করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন অধ্যাপক মঞ্জুর। তার ভাষ্য, শিক্ষক হিসেবে সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি ওই দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, প্রশাসনিক দায়িত্ব পালন করার অর্থ সংশ্লিষ্ট প্রশাসনের রাজনৈতিক আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করা নয়। প্রাতিষ্ঠানিক দায়িত্ব, পেশাগত সৌজন্য ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসকে ইচ্ছাকৃতভাবে এক করে দেখানো অনৈতিক।

মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা প্রচারণা, ব্যক্তিগত সম্মানহানি কিংবা পরিবারকে বিব্রত করার অধিকার কারও নেই বলেও উল্লেখ করেন তিনি। বিজ্ঞপ্তির শেষাংশে অধ্যাপক মঞ্জুর বলেন, “সত্যকে খণ্ডিত ছবি দিয়ে আড়াল করা যায় না।”

এ বিষয়ে অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০০৯ সাল থেকে তিনি টানা ১৭ বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ডিন হিসেবে নিয়োগ কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে হয়েছে। দায়িত্ব পালনকালে বিভিন্ন জাতীয় ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল দাপ্তরিক দায়িত্বের অংশ। অথচ এসব অনুষ্ঠানের খণ্ডিত ছবি ব্যবহার করে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছি, কোনো ব্যক্তিগত সুবিধা বা প্রাপ্তির আশায় নয়। আসন্ন শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে।’

ডিজিটাল ইনভেস্টিগেশন ফেলোশিপ পেলেন সাংবাদিক তুহি
  • ২৮ নভেম্বর ২০২৬
ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: জবিশিস সভ…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজধানীতে পুলিশের গাড়ি ও বাসে আগুন
  • ২৮ নভেম্বর ২০২৬
১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি, মুশফিকের নামে হচ্ছে গ্যা…
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতকালে একদিন গোসল না করলে মিলবে যে উপকার 
  • ২৮ নভেম্বর ২০২৬
আবারও আওয়ামী-আমলের মতো ট্যাগিংয়ের রাজনীতির প্রত্যাবর্তন ঘট…
  • ২৮ নভেম্বর ২০২৬