ইবির নির্মাণাধীন দ্বিতীয় ছাত্র হলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা © ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ নভেম্বর লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি ব্যানার টানানো হয়। এ ঘটনায় প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন।
কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম। কমিটির অন্য দুই সদস্য হলেন, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং সহকারী প্রক্টর মো. আতিকুর রহমান।
আরও খবর: শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্ত্রী
অফিস আদেশে কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশ দিতে বলা হয়েছে। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় ছাত্র হলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা নতুন আবাসিক হলটির নাম শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে করার দাবি জানান। পরে এ দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দেন তাঁরা।
একই সঙ্গে হলের প্রধান ফটকে ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল নামকরণ চাই’ লেখা একটি ছোট ব্যানার টাঙানো হয়। এ ঘটনায়ই তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।