ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো
প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮-এ পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে প্রতিষ্ঠার দীর্ঘ ৪৮ বছরেও বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, নিরাপত্তাহীনতা, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিভ্রান্তি, পরিবহন সংকট, প্রশাসনিক ভোগান্তি, নিয়োগ বাণিজ্য, সনাতন পদ্ধতির ধারাবাহিকতা এবং সনদ উত্তোলনে ভোগান্তি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক মানেও রয়েছে তুলনামূলক পিছিয়ে। তবে এসব সংকট নিরসনে বিভিন্ন সময়ে উপাচার্যরা আশ্বাস দিলেও আশানুরূপ ফলাফল দেখা যায়নি।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ আবাসিকতার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থী রয়েছেন আবাসিকতার বাহিরে। নাম নিয়েও রয়েছে বিভ্রান্তি। বিশ্ববিদ্যালয়ের আইনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ নাম থাকলেও কাগজপত্রে ব্যবহৃত হচ্ছে একাধিক নাম। এর মাঝে রয়েছে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ; ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’। ফলে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ছেন। আবাসিকতার সংকটে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পার্শ্ববর্তী মেস ও কুষ্টিয়া-ঝিনাইদহের মেসে থাকেন।
ফলে পরিবহন সংকট থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েন তারা। মেস ও গণপরিবহনে বিভিন্ন সময়ে হেনস্থার মুখোমুখি হয় নারী শিক্ষার্থীরাও। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮ বিভাগে ৪১৫ জন শিক্ষক পাঠদান করাচ্ছেন। এর মাঝে প্রায় ১৫টি বিভাগেই রয়েছে শ্রেণিকক্ষ সংকট। নেই পর্যাপ্ত ল্যাব, কমনরুম, সেমিনার লাইব্রেরি ও গবেষণাগার। তবে সংকট সমাধানে ৪টি হল ও ১টি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্মাণাধীন কাজ দ্রুত সমাপ্তি হলে অনেকাংশ আবাসিকতার সংকট কেটে যাবে বলে মত সংশ্লিষ্টদের।
আরও পড়ুন: শীর্ষ জার্নালে অ্যাক্সেস নেই ঢাবির, গবেষণার প্রবন্ধ পেতে ধরনা দিতে হয় বিদেশি সহকর্মীদের কাছে
প্রায় পাঁচ দশকেও সনাতন পদ্ধতিতে কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়ের। বিভিন্ন ফি প্রদানে দুটি ব্যাংকের সঙ্গে ই-পেমেন্ট সিস্টেম চালু করলেও তার কোনোটিই আলোর মুখ দেখেনি। ফর্ম ফিলাপ ও সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্রের জন্য এক ভবন থেকে আরেক ভবনে দৌঁড়াতে হয় শিক্ষার্থীদের। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতাও প্রকট। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে দিনে-দুপুরে নিজ কক্ষে কুপিয়ে হত্যা ও ক্যাম্পাসের পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী কর্তৃক ক্যাম্পাসে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিচারপ্রক্রিয়াও চলছে কচ্ছপ গতিতে। শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বাণিজ্য ও দুর্নীতি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছিল বিশ্ববিদ্যালয়টি। এদিকে শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও এখনো হয়নি কেন্দ্রীয় ছাত্রসংসদ। গবেষণা ও আন্তর্জাতিক মানে রয়েছে তুলনামূলক পিছিয়ে। ফলে এসব নানামুখী সংকট সাথে নিয়েই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিশ্ববিদ্যালয়টি।
সংশ্লিষ্টদের মতে, ‘সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা’ এমন সংকটে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। তবে এর থেকে উত্তোরণের পথ খুঁজছে কর্তৃপক্ষ। বিভিন্ন সময় আশ্বাসও দিয়ে আসছে প্রশাসন। সম্মিলিত প্রচেষ্টা ও সদিচ্ছা নিয়ে আগালে আশার আলো দেখা যেতে পারে শিগগিরই।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রশাসন কাজ করছে। আমরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোলাবোরেশানের চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের পূর্বের সকল সংকট ও দুর্নীতির ইতিহাস মুছে ফেলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। ইবিকে মালয়েশিয়া অন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তুলতে চাই।