জবিতে শীতকালীন ছুটি পুনর্বহালের দাবিতে জকসুর স্মারকলিপি, আশ্বাস উপাচার্যের

২৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ PM
উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন জকসুর নেতারা

উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন জকসুর নেতারা © টিডিসি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ছুটি পুনর্বহালের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এ সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে যথাসময়েই শীতকালীন ছুটি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন উপাচার্য।
‎
‎জকসুর উদ্যোগে দেওয়া স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পুনর্বহালের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের স্বার্থ ও ছুটির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে প্রশাসনকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
‎
‎জকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালীন ছুটি পুনর্বহালের বিষয়ে উপাচার্য আশ্বাস দিয়েছেন। সে অনুযায়ী যথাসময়েই শিক্ষার্থীরা শীতকালীন ছুটি পাবেন বলে আশা প্রকাশ করেছে শিক্ষার্থী সংসদ।
‎
‎এর আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে জানানো হয়, বাতিল হওয়া ছুটি পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। 
‎
‎এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘শীতকালীন ছুটি শিক্ষার্থীদের কাছে শুধুই কয়েক দিনের অবকাশ নয়, বরং সারা বছরের ক্লান্তি শেষে পরিবারের কাছে ফেরার একটি বড় সুযোগ। অধিকাংশ শিক্ষার্থী পরিবার থেকে দূরে থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করেন। অনেকেরই সারা বছর বাড়ি যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। বছরের শেষে এই ছুটিটুকুই মা-বাবা, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল না থাকায় শিক্ষার্থীদের অনেককেই মেসে থেকে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করতে হয়। ভর্তি পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কারণে শিক্ষার্থীদের একমাত্র স্বস্তির সময়টুকুও কেড়ে নেওয়া কতটা যৌক্তিক, তা বিবেচনা করা প্রয়োজন। আমরা চাই, শিক্ষার্থীদের বাস্তবতা ও আবেগকে গুরুত্ব দিয়ে শীতকালীন ছুটি যথাসময়ে বহাল রাখা হোক। ছুটি কোনো বিলাসিতা নয়, এটি শিক্ষার্থীদের প্রয়োজন।’
‎
‎জকসুর সমাজসেবাবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে এসে পড়াশোনা করেন। পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসিক হল না থাকায় অনেক শিক্ষার্থীকে মেসে থেকে পড়াশোনা করতে হয়। বছরের শেষে শীতকালীন ছুটিতে শিক্ষার্থীরা পরিবারের কাছে ফেরার সুযোগ পান। তাই শিক্ষার্থীদের আবাসনসংকট ও পারিবারিক বাস্তবতা বিবেচনায় শীতকালীন ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছি। উপাচার্য মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন, যথাসময়েই শিক্ষার্থীরা ছুটি পাবেন।’

সেরা এইচআর সফটওয়্যারের পুরস্কার পেল ড্যাফোডিলের ‘পারফেক্ট এ…
  • ২৯ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিস্টের ডুয়েল ডিগ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
জবিতে শীতকালীন ছুটি পুনর্বহালের দাবিতে জকসুর স্মারকলিপি, আশ…
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এক কক্ষে অংশ নেওয়া ৫০ জনের স…
  • ২৯ নভেম্বর ২০২৬
সিপিআর কীভাবে দেবেন, জেনে নিন সহজে
  • ২৯ নভেম্বর ২০২৬
শামীম ওসমানের নেতাকর্মীদের সঙ্গে ‘সুসম্পর্ক’, এমপিপুত্রকে শ…
  • ২৯ নভেম্বর ২০২৬