অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিস্টের ডুয়েল ডিগ্রি চালুর উদ্যোগ

২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ PM
মিস্ট এবং অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই।

মিস্ট এবং অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই। © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (মিস্ট) এবং অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে (২+২) ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় চারটি প্রকৌশল বিভাগে শিক্ষার্থীরা দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাবেন। রবিবার (২৯ নভেম্বর) মিস্ট ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার, মিস্টের কমান্ড্যান্ট, ডিকিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চার প্রকৌশল বিভাগে চালু হবে কার্যক্রম
সমঝোতা স্মারক অনুযায়ী, প্রাথমিকভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড রিনিউএবল ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে এ কার্যক্রম চালু হবে। প্রতিটি বিভাগ থেকে ৬০ জন করে শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা প্রথম দুই বছর মিস্টে পড়াশোনা করবেন। পরবর্তী দুই বছর অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ে পড়বেন। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত পূরণ করতে পারলে দুই বিশ্ববিদ্যালয়ের সমন্বিত শিক্ষাক্রমের আওতায় দ্বৈত ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ডিকিন বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২২৭তম এবং টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ২১৮তম।

২০২৭ সালে ক্লাস শুরুর লক্ষ্য
প্রোগ্রামটি বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ২০২৬ সালের শেষ নাগাদ ভর্তি নীতিমালা চূড়ান্ত করা, বিশেষায়িত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং ক্যাম্পাসের অবকাঠামো ও পরীক্ষাগার প্রস্তুতের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতিও শুরু হয়েছে। ২০২৭ সালের শুরুর দিকে শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মিস্টের সঙ্গে ডিকিন বিশ্ববিদ্যালয়ের এ সমঝোতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উন্নত প্রযুক্তিগত জ্ঞান অর্জন, আন্তর্জাতিক শিক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং শিক্ষক-গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

এ উদ্যোগের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়বে বলে আশা করছে মিস্ট। একই সঙ্গে আন্তর্জাতিক মানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরিতে এ কর্মসূচি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ইনানীতে গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ সদস্য আহত
  • ২৯ নভেম্বর ২০২৬
সেরা এইচআর সফটওয়্যারের পুরস্কার পেল ড্যাফোডিলের ‘পারফেক্ট এ…
  • ২৯ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিস্টের ডুয়েল ডিগ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
জবিতে শীতকালীন ছুটি পুনর্বহালের দাবিতে জকসুর স্মারকলিপি, আশ…
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এক কক্ষে অংশ নেওয়া ৫০ জনের স…
  • ২৯ নভেম্বর ২০২৬
সিপিআর কীভাবে দেবেন, জেনে নিন সহজে
  • ২৯ নভেম্বর ২০২৬