ইনানীতে গভীর নলকূপে আগুন © সংগৃহীত
কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাত সদস্য আহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম। তিনি জানান, সম্প্রতি কূপের আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। কূপ থেকে আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।
বিস্ফোরণে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন। তাঁদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। বাকি তিনজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, টানা এক মাস পর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নেভানো হয়। এরপর সেখানে সার্ভের কাজ শুরু করা হয়েছিল।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে সেখানে আগুন ধরে যায়।