টিকটকে প্রেম, সাত সমুদ্র পেরিয়ে শার্শার সোহাগের ঘরে নুর হায়াতি

২৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ PM
সোহাগ হুসাইন ও নুর হায়াতি

সোহাগ হুসাইন ও নুর হায়াতি © সংগৃহীত

টিকটকে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই সম্পর্কের টানে সাত সমুদ্র পেরিয়ে মালয়েশিয়া থেকে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন নুর হায়াতি। পরে যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুই পরিবারের সম্মতিতে তাদের এ বিয়ে এখন এলাকায় কৌতূহল তৈরি করেছে।

শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা ইয়াসমিন দম্পতির ছোট ছেলে সোহাগ হুসাইন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। সেখানে কাজের সুবাদে নুর হায়াতির বাবার দোকানে যাতায়াত ছিল তার। সেই যাতায়াতের মধ্য দিয়েই প্রথম পরিচয় হয় দুজনের। পরবর্তী সময়ে টিকটকের মাধ্যমে যোগাযোগ বাড়ে। একপর্যায়ে মুঠোফোন নম্বর বিনিময় করে নিয়মিত কথা বলতে শুরু করেন তারা।

মালয় ভাষায় দুজনের কথোপকথন চলত। সময়ের সঙ্গে সেই যোগাযোগ গভীর সম্পর্কে রূপ নেয়। একে অপরের প্রতি বিশ্বাস ও ভালো লাগা থেকেই তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। নুর হায়াতিকে বাংলা ভাষার কিছু কথাও শেখানো হয়েছে। ভালোবাসার সম্পর্ককে পারিবারিক স্বীকৃতি দিতে নুর হায়াতির বাবা আমরান বিন আহমাদ ও মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমান গত ১৯ নভেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। দুই পরিবারের সম্মতি ও সহযোগিতায় বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়।

গত ২৩ নভেম্বর যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কে নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে তাদের বিয়ে নিবন্ধিত হয়। ২৪ নভেম্বর কাবিননামা সত্যায়িত করা হয়। কাবিননামা অনুযায়ী, বর সোহাগ হুসাইন ও কনে নুর হায়াতি দুজনেরই জন্ম ১৯৯৯ সালে। তাদের দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শনিবার (২৮ নভেম্বর) আয়োজনের মাধ্যমে এলাকার মানুষকে বিয়ের বিষয়টি জানানো হয়। মালয়েশীয় তরুণীকে পুত্রবধূ হিসেবে পেয়ে আনন্দিত সোহাগের পরিবারের সদস্যরা। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।সোহাগের মা নিলুফা ইয়াসমিন বলেন, বউমা ভালো হয়েছে। সে বাংলা ভাষার কিছু কিছু কথা শিখেছে। পরিবারের সবাই তাকে সাদরে গ্রহণ করেছেন।

কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমান সোহাগ। সেখানে গিয়ে পড়াশোনার পরিবর্তে কর্মজীবনে যুক্ত হন তিনি। বর্তমানে কুয়ালালামপুরে তার নিজস্ব একটি ওয়ার্কশপ রয়েছে। পাশাপাশি ঠিকাদারি ব্যবসাও পরিচালনা করেন। অন্যদিকে নুর হায়াতিরও মালয়েশিয়ায় রয়েছে নিজস্ব একটি সুপারশপ। বিয়ের পর নুর হায়াতির বাবা-মা রোববার মালয়েশিয়ায় ফিরে গেলেও স্ত্রীকে নিয়ে আরও প্রায় এক মাস বাংলাদেশে থাকার পরিকল্পনা রয়েছে সোহাগের। এরপর তাঁরা দুজন মালয়েশিয়ায় ফিরে নিজেদের ব্যবসার পাশাপাশি নতুন সংসার সাজাবেন।

সোহাগ বলেন, ‘বিয়ে করে আমরা দুজনই সুখী। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমরা মালয়েশিয়াতেই একসঙ্গে জীবন কাটাব।’

জ্ঞান হারিয়ে পড়ে যান ওই শিক্ষার্থী, ৫-৬ মিনিট মধ্যেই দেওয়া …
  • ২৯ নভেম্বর ২০২৬
টিকটকে প্রেম, সাত সমুদ্র পেরিয়ে শার্শার সোহাগের ঘরে নুর হায়…
  • ২৯ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মাদক সেবন, উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ হাত…
  • ২৯ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ সদস্য আহত
  • ২৯ নভেম্বর ২০২৬
সেরা এইচআর সফটওয়্যারের পুরস্কার পেল ড্যাফোডিলের ‘পারফেক্ট এ…
  • ২৯ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিস্টের ডুয়েল ডিগ্…
  • ২৯ নভেম্বর ২০২৬