নববিবাহিত দম্পতি © সংগৃহীত
মালয়েশিয়ায় প্রবাসজীবনে পরিচয়, এরপর টিকটকে যোগাযোগ, সেখান থেকে প্রেম। সেই প্রেমের টানেই মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। পরে যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
গত ২৩ নভেম্বর যশোরের আদালতে তাদের বিয়ে নিবন্ধন করা হয়। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি সম্পন্ন হয়। পরদিন ২৪ নভেম্বর কাবিননামাটি নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করা হয়। তবে শনিবার (২৮ নভেম্বর) আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এলাকার মানুষকে বিয়ের বিষয়টি জানানো হয়।
বিয়ের কাবিননামা অনুযায়ী, বর ও কনে দুজনেরই জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে এবং নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। তাদের বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা।
সোহাগ হুসাইন যশোরের শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা জালাল উদ্দিন ও মা নিলুফা ইয়াসমিন। তিন ভাই-বোনের মধ্যে সোহাগ সবার ছোট। গত ২৮ অক্টোবর তিনি দেশে ফেরেন। অন্যদিকে নুর হায়াতি তার বাবা আমরান বিন আহমাদ ও মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমানকে সঙ্গে নিয়ে গত ১৯ নভেম্বর বাংলাদেশে আসেন।
সোহাগ জানান, কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় যান তিনি। সেখানে পড়াশোনা না করে কাজে যুক্ত হন। বর্তমানে কুয়ালালামপুরে তার একটি ওয়ার্কশপ রয়েছে। সেখানে ঠিকাদারি কাজ করেন তিনি।
পরিচয়ের বিষয়ে সোহাগ বলেন, ‘তখন এক ভদ্রলোকের দোকানে আমি যাতায়াত করতাম। সেখানেই তাকে প্রথম দেখি। দোকানটি তার বাবার।’
পরে টিকটকের মাধ্যমে দুজনের মুঠোফোন নম্বর আদান-প্রদান হয়। সোহাগ মালয় ভাষা জানায় তাদের মধ্যে ওই ভাষাতেই কথা হতো। এর মধ্যে নুর হায়াতিকে কিছু বাংলা ভাষাও শেখানো হয়েছে। একপর্যায়ে নুর হায়াতির মা-বাবার সঙ্গে সোহাগের পরিচয় ও কথা হয়। তারা সোহাগকে পছন্দ করার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
মালয়েশিয়ান তরুণীকে পরিবারের বধূ হিসেবে পেয়ে খুশি সোহাগের পরিবারের সদস্যরাও। তার মা নিলুফা ইয়াসমিন বলেন, ‘বউমা ভালো হয়েছে। সে আমাদের কথা কমবেশি বুঝতে পারলেও বেয়াই-বেয়াইন বুঝতে পারছেন না। বউমা বাংলা ভাষা কিছু কিছু শিখেছে।’
মেয়ের বাবা-মাকে কী কী খাওয়ানো হচ্ছে, এমন প্রশ্নে নিলুফা ইয়াসমিন বলেন, ‘বেয়াই-বেয়াইন আসার সময় নিজেদের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন, শুকনো খাবার। ডিম এবং নুডলস বেশি খাচ্ছেন। বিবাহ সম্পন্ন হয়েছে। বেয়াই-বেয়াইন আর থাকতে চাচ্ছেন না। আগামীকাল তাদের ঢাকায় দিয়ে আসবে সোহাগ। কিন্তু ছেলে ও বউমা এক মাস পরে যাবে।’
সোহাগ জানান, তার স্ত্রী নুর হায়াতির কুয়ালালামপুরে একটি সুপারশপ রয়েছে। তার শ্বশুরের সাত সন্তান। প্রত্যেকের জন্য আলাদা ব্যবসাপ্রতিষ্ঠান করে দিয়েছেন তিনি।
শ্বশুর-শাশুড়ি বাংলাদেশ থেকে চলে গেলেও স্ত্রীকে নিয়ে আরও এক মাস দেশে থাকবেন সোহাগ। এরপর মালয়েশিয়ায় ফিরে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্ত্রীর ব্যবসাও দেখাশোনা করবেন তিনি।
সোহাগ বলেন, ‘বিয়ে করে আমরা উভয়েই সুখী। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আমরা মালয়েশিয়াতেই জীবন কাটাব।’