রসুন খাওয়ার উপকারিতা © সংগৃহীত
রসুন খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, ধমনির ব্লকেজ দূর হয়, এমনকি ফ্যাটি লিভারের সমস্যাও সেরে যায়—এমন ধারণা অনেকেরই রয়েছে। এ কারণে কেউ কাঁচা রসুন খান, আবার কেউ প্রতিদিনের রান্নায় রসুন রাখেন। তবে রসুন খেলে সত্যিই কি কোলেস্টেরল ও ফ্যাটি লিভার কমে? কাঁচা রসুন বেশি উপকারী, নাকি রান্না করা রসুন? চিকিৎসকদের মতে, রসুনের কিছু স্বাস্থ্যগত উপকারিতা থাকলেও এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়।
ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব কোভিলের মতে, বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, রসুন খেলে রক্তে মোট কোলেস্টেরল এবং ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমতে পারে। বিশেষ করে যাঁদের আগে থেকেই কোলেস্টেরলের মাত্রা বেশি, তাঁদের ক্ষেত্রে এর প্রভাব দেখা যায়।
তবে রসুন খেয়ে কোলেস্টেরল কিছুটা কমলেই হৃদরোগের ঝুঁকি কমে যায়, এমনটা বলা যায় না। কোলেস্টেরল নিয়ন্ত্রণে স্ট্যাটিনের মতো ওষুধ হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর প্রমাণিত হলেও রসুনের ক্ষেত্রে তেমন শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধের বিকল্প হিসেবে রসুন খাওয়ার সুযোগ নেই।
ফ্যাটি লিভারের সমস্যা কি কমাতে পারে রসুন?
রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে লিভারের স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়তে পারে। বিশেষ করে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাবে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে।
চিকিৎসক রাজীব কোভিল জানান, রসুনে থাকা অ্যালিসিন ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট বিপাকীয় স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। রসুনের কিছু উপাদান লিভারে চর্বি জমার প্রবণতা সামান্য কমাতে সহায়তা করতে পারে।
তবে রসুন খেলে লিভারের সব ধরনের সমস্যা দূর হয়ে যায়, এমন ধারণা ঠিক নয়। বিশেষ করে লিভারে ফাইব্রোসিস বা সিরোসিসের মতো জটিলতা প্রতিরোধ কিংবা চিকিৎসায় রসুনের কার্যকারিতার নির্ভরযোগ্য প্রমাণ নেই। এসব সমস্যার ক্ষেত্রে প্রয়োজন সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা।
কাঁচা রসুন বেশি উপকারী, নাকি রান্না করা?
রসুন কাঁচা খাওয়া ভালো, নাকি রান্না করে—এ নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। রসুনের উপকারী উপাদান অ্যালিসিন তৈরির প্রক্রিয়ার ওপর বিষয়টি অনেকটাই নির্ভর করে।
রসুন কুচি করে কাটলে বা থেঁতো করলে এর মধ্যে থাকা অ্যালিন নামের যৌগ থেকে অ্যালিসিন তৈরি হয়। এ প্রক্রিয়ায় অ্যালিনেজ নামের একটি উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে উচ্চ তাপে রসুন ভাজলে কিংবা দীর্ঘ সময় রান্না করলে অ্যালিনেজের কার্যকারিতা কমে যেতে পারে। ফলে অ্যালিসিন তৈরির পরিমাণও কমতে পারে। এ কারণে রসুনের উপকারী উপাদান ধরে রাখতে চাইলে এটি দীর্ঘ সময় উচ্চ তাপে রান্না না করাই ভালো।
কাঁচা রসুন খেলে কী সমস্যা হতে পারে?
রসুনের উপকারিতা থাকলেও সবার জন্য কাঁচা রসুন খাওয়া আরামদায়ক নয়। বিশেষ করে যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে কাঁচা রসুন খেলে বিভিন্ন ধরনের অস্বস্তি দেখা দিতে পারে।
কাঁচা রসুন খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। এ ছাড়া কারও কারও অম্বল, বুক জ্বালা, পেটে অস্বস্তি এবং বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই শরীরের সহনশীলতা বিবেচনা করে রসুন খাওয়া উচিত।
রসুন খাওয়ার সঠিক উপায় কী?
রসুনের উপকারী উপাদান পেতে এটি প্রতিদিনের খাবারের সঙ্গে যুক্ত করা যেতে পারে। রসুন কুচি করে সালাদে মিশিয়ে খাওয়া যায়। এ ছাড়া রসুন দিয়ে স্যুপ তৈরি করা কিংবা প্রতিদিনের রান্নায় পরিমিত পরিমাণে ব্যবহার করাও ভালো উপায়।
রসুন খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন তাঁদের, যাঁরা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন। কারণ রসুন বেশি পরিমাণে খেলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া অস্ত্রোপচারের আগে রসুন খাওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সব মিলিয়ে, রসুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে কিছুটা সহায়তা করলেও ফ্যাটি লিভার বা হৃদরোগের চিকিৎসার বিকল্প নয়। তাই শুধু রসুনের ওপর নির্ভর না করে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই সুস্থ থাকার ভালো উপায়।