মিষ্টি আলু © সংগৃহীত
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অনেকেই নিয়মিত কলা ও বিটরুট খেয়ে থাকেন। কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অন্যদিকে, বিটরুটে থাকা নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়ে রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। তবে এসব খাবারের পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী আরেকটি সবজি হলো মিষ্টি আলু বা রাঙা আলু। পটাশিয়ামের পরিমাণের দিক থেকে এটি কলাকেও ছাড়িয়ে যায়। শুধু রক্তচাপ নিয়ন্ত্রণ নয়, নিয়মিত মিষ্টি আলু খেলে শরীর আরও বেশ কিছু পুষ্টি উপাদান পায়।
পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করে?
পটাশিয়াম ও ফাইবারসমৃদ্ধ খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ‘জার্নাল অব হিউম্যান হাইপারটেনশন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যাঁরা পটাশিয়ামসমৃদ্ধ খাবার খান, তাঁদের রক্তচাপ তুলনামূলক কম থাকে। একই গবেষণায় দেখা গেছে, গবেষণা শেষে এসব ব্যক্তির হৃদরোগের ঝুঁকিও ১৪ শতাংশ কম ছিল।
পুষ্টিবিদ এবং ‘দ্য সায়েন্স অব নিউট্রিশন’ বইয়ের লেখক রিয়ানন ল্যামবার্ট জানিয়েছেন, রক্তপ্রবাহ থেকে অতিরিক্ত লবণ বের করে দিতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
পটাশিয়ামের ভালো উৎস হিসেবে কলা পরিচিত হলেও মিষ্টি আলুতে এর পরিমাণ আরও বেশি। খোসাসহ একটি বেক করা মিষ্টি আলুতে প্রায় ৫৭২ মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়। ফলে খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখলে শরীরের পটাশিয়ামের চাহিদা পূরণে সহায়তা মিলতে পারে।
মিষ্টি আলুতে আরও কী কী পুষ্টিগুণ রয়েছে?
মিষ্টি আলুতে রয়েছে জটিল শর্করা, ফাইবার, ভিটামিন এ ও সি এবং পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এসব পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে।
মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ, সি এবং বিভিন্ন ধরনের বি ভিটামিন শরীরের জন্য উপকারী। এতে বিটা-ক্যারোটিনের মাধ্যমে ভিটামিন এ পাওয়া যায়। এটি চোখ ও ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।
এ ছাড়া মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। একই সঙ্গে ত্বকের কোলাজেন তৈরিতে সহায়তা করে, যা ত্বকের গঠন ও সুস্থতা বজায় রাখতে প্রয়োজন।
মিষ্টি আলুতে বিটা-ক্যারোটিনের পাশাপাশি অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। বিশেষ করে বেগুনি রঙের মিষ্টি আলুতে এই উপাদানের পরিমাণ বেশি থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সাহায্য করে। এর ফলে দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
মিষ্টি আলু কি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে?
স্বাদে মিষ্টি হলেও মিষ্টি আলুর গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি। অর্থাৎ এটি শরীরে তুলনামূলক ধীরে শর্করা সরবরাহ করে। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।
মিষ্টি আলুতে থাকা দ্রবণীয় ফাইবারও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই ফাইবার খাবার হজম ও শর্করা শোষণের প্রক্রিয়াকে ধীর করে। ফলে খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যায় না।
এ ছাড়া ফাইবার হজমের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ও পরিমিত পরিমাণে মিষ্টি আলু খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার পাশাপাশি হজমের স্বাস্থ্য ভালো রাখতেও উপকৃত হতে পারে।
তবে শুধু মিষ্টি আলু খেলেই রক্তচাপ বা রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে, এমনটি নয়। সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনও জরুরি।