চীনে ফ্রিতে পড়াশোনার সুযোগ © টিডিসি সম্পাদিত
২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে ‘চীনা সরকারি বৃত্তি’ (টাইপ-এ ক্যাটাগরি)-এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ঢাকার চীনা দূতাবাস। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি অর্থায়নে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের পাশাপাশি ভিজিটিং স্কলার হিসেবেও গবেষণার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বৃত্তির সুবিধাসমূহ
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়ন পাবেন। এর মধ্যে রয়েছে—সম্পূর্ণ শিক্ষাব্যয় বা টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের, আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া।
পড়াশোনার বিষয় ও ভাষা
এই বৃত্তির মাধ্যমে প্রকৌশল ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, রোবটিকস, জ্বালানি, পরিবেশবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, আইন, সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, মানবিক ও কলাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা যাবে। প্রোগ্রামভেদে পড়াশোনার মাধ্যম হবে ইংরেজি অথবা চাইনিজ ভাষা। তাই আবেদনের আগেই পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট প্রোগ্রামের ভাষা নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা:
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পূর্ববর্তী শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।
বয়সসীমা: স্নাতক পর্যায়ে ২৫ বছরের নিচে, স্নাতকোত্তর পর্যায়ে ৩৫ বছরের নিচে এবং পিএইচডি পর্যায়ে ৪০ বছরের নিচে হতে হবে।
শারীরিক ও অন্যান্য নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
আবেদনের আগে করণীয়
পছন্দের বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আগে থেকেই যোগাযোগ রাখা ভালো। বিশেষ করে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বিভাগ বা পছন্দের গবেষণার ক্ষেত্রের অধ্যাপকের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করে আগাম ভর্তির সম্মতিপত্র বা প্রাথমিক ভর্তির চিঠি সংগ্রহের চেষ্টা করতে বলা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র
চীনা সরকারি বৃত্তির আবেদনপত্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র।
বিশ্ববিদ্যালয়ের আগাম ভর্তির সম্মতিপত্র অথবা প্রাথমিক ভর্তির চিঠি (যদি পাওয়া যায় বা প্রয়োজন হয়)।
পূর্ববর্তী শিক্ষাজীবনের সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি।
স্নাতকোত্তর ও পিএইচডি আবেদনকারীদের জন্য অধ্যয়ন পরিকল্পনা অথবা গবেষণা প্রস্তাব।
দুটি সুপারিশপত্র।
বৈধ পাসপোর্টের অনুলিপি ও ভাষাগত দক্ষতার প্রমাণপত্র।
স্নাতক পর্যায়ের আবেদনকারীদের জন্য নির্ধারিত যোগ্যতা পরীক্ষার সনদ।
বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার ফরম (প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাগজপত্রও লাগতে পারে)।
আবেদন প্রক্রিয়া ও শেষ সময়
আগ্রহী শিক্ষার্থীদের চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে (www.campuschina.org) নিবন্ধন করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় কর্মসূচির ধরন হিসেবে ‘টাইপ-এ’ নির্বাচন করতে হবে এবং নির্ধারিত সংস্থা নম্বর হিসেবে ‘০৫০১’ ব্যবহার করতে হবে।
এরপর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আগামী ১০ জানুয়ারি ২০২৭-এর মধ্যে আবেদন জমা দিতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকার বা অন্যান্য বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হতে পারে।
পড়াশোনা শেষে ক্যারিয়ার সম্ভাবনা
চীনে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডিগ্রির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক কর্মপরিবেশের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পড়াশোনা শেষে দেশে ও বিদেশে বহুজাতিক কোম্পানি, শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থায় কর্মজীবন গড়ার সুযোগ রয়েছে। তবে বৃত্তি শেষ হলে চীনে স্বয়ংক্রিয়ভাবে চাকরি বা স্থায়ীভাবে বসবাসের অধিকার পাওয়া যাবে না; এর জন্য দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী আলাদা অনুমতি ও যোগ্যতা অর্জন করতে হবে। বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চীনা দূতাবাসের সরকারি বিজ্ঞপ্তি ও ক্যাম্পাস চায়নার ওয়েবসাইটে পাওয়া যাবে।