ডেঙ্গু-হাম মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মেডিসিন ক্লাবের সক্রিয় ভূমিকার আহ্বান ডা. রফিকের

১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ PM
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম © সংগৃহীত

ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সরকারি স্বাস্থ্য কার্যক্রমের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণে মেডিসিন ক্লাবের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসাশিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার মানসিকতাকে কাজে লাগিয়ে দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অনুষ্ঠিত মেডিসিন ক্লাবের ২৭তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসাবিজ্ঞান শুধু রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়াও চিকিৎসকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মেডিসিন ক্লাব দীর্ঘদিন ধরে চিকিৎসাশিক্ষার্থীদের একাডেমিক বিকাশের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। মেডিকেল কলেজভিত্তিক শাখাগুলোর মাধ্যমে ক্যাম্পাস, আবাসিক এলাকা ও আশপাশের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা যেতে পারে। একই সঙ্গে ডেঙ্গুর বিপৎসংকেত, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ঝুঁকিপূর্ণ ওষুধ ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় শিশুদের টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, টিকাদান সম্পর্কে ভুল ধারণা দূর করা, অভিভাবকদের সঠিক তথ্য জানানো এবং টিকা থেকে বাদ পড়া শিশুদের টিকাদান কেন্দ্রে নিতে উৎসাহিত করার ক্ষেত্রে চিকিৎসাশিক্ষার্থীরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে সমন্বয় করে স্কুল, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আরও বলেন, ভবিষ্যতের চিকিৎসকদের শুধু ক্লিনিক্যাল জ্ঞান অর্জন করলেই চলবে না; নেতৃত্ব, গবেষণা, দলগত কাজ, পেশাগত নৈতিকতা ও রোগীর প্রতি মানবিক আচরণের ক্ষেত্রেও দক্ষ হতে হবে। মেডিসিন ক্লাবের বৈজ্ঞানিক আলোচনা, গবেষণা এবং সামাজিক সেবামূলক কার্যক্রম শিক্ষার্থীদের এসব গুণ বিকাশে সহায়তা করতে পারে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। তাঁরা চিকিৎসাশিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভারের আশুলিয়া বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় বাজারের দোকানপাট, বাসাবাড়ি ও বিভিন্ন জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয়। ভ্যানচালক, রিকশাচালক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে ডেঙ্গু প্রতিরোধের উপায় তুলে ধরা হয়।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না; বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জ্বরসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির সহ-পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ডা. মাহবুবুল ইসলাম খন্দকার, ডা. জামশেদ আলী, ডা. মুনতাসীর, ডা. শাকিল, ডা. নাহিদ, ডা. আকাশ, ডা. রাজু, ডা. মিথুন, ডা. ইনজামাম, ডা. মোহিব মিরাজ, ডা. ফয়সালসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬