নাহিদ ইসলাম

আওয়ামী লীগের ভোটে জিতে এখন জাতীয় ঐক্যের কথা বলছে সরকার

২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ PM
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম © সংগৃহীত

আওয়ামী লীগের টাকা ও ভোট ব্যাংক ব্যবহার করে সমঝোতার মাধ্যমে নির্বাচনে জিতে বর্তমান সরকার এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ রবিবার (২৯ নভেম্বর) রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দাবিগুলা বেশ পুরনো। জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্ট থেকেই এই দাবির কথা আমরা বারবার বলে এসেছিলাম—যে খুনি হাসিনার বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার। এই যে গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষ শহীদ হলো, এই যে ১৬ বছর গুম-খুন হলো, তিন-তিনটি নির্বাচনকে অবৈধ করা হলো, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হলো—এর বিচার আমরা চেয়েছিলাম। সেই বিচারের দাবিতেই লাখো-কোটি জনতা ৫ আগস্ট রাজপথে নেমেছিল এবং খুনি হাসিনা ভারতে পলায়ন করেছিল। সেই বিচার গত দুই বছরে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপির সরকার—তারা গত আট মাসে বিচারের সকল কার্যক্রম স্থবির করে রেখেছিল। তারা নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এই নির্বাচন করেছে। আওয়ামী লীগের টাকা নিয়ে, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে তারা নির্বাচনে জিতেছে। এখন তারা আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ এখন তাদের আওয়ামী লীগের সাথে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে।

প্রশ্ন রেখে নাহিদ ইসলাম বলেন, গত আট মাস এই জাতীয় ঐক্য কোথায় ছিল? ৫ আগস্টের পরে এই জাতীয় ঐক্য কোথায় ছিল? এই জাতীয় ঐক্য কিন্তু বিএনপি বারবার ভঙ্গ করেছে। জুলাই সনদ না মানার মাধ্যমে, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মাধ্যমে কিন্তু বিএনপি এই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে, জাতীয় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে বিএনপির প্রতি জনগণ আস্থা হারিয়েছে।

জনগণ আওয়ামী লীগকে ৫ আগস্টেই প্রত্যাখ্যান করেছিল উল্লেখ করে তিনি বলেন, আজকে বাংলাদেশের জনগণকে নতুন করে রাজপথে নামতে হচ্ছে—বিএনপির জন্য না, এনসিপি-জামায়াতের জন্য না। এ দেশের জনগণকে, এ দেশের ছাত্র-তরুণদেরকে আমাদেরকে আবারও রাজপথে নামতে হচ্ছে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এ দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা-সমাবেশ করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা দেখছি বাংলাদেশের নদী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই রাজশাহীর মানুষ, পদ্মাপাড়ের মানুষ—পদ্মা নদীর ওপর আপনারা নির্ভরশীল। সেই নদীর যে গঙ্গা চুক্তি, সে গঙ্গা চুক্তি ১২ ডিসেম্বরের মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হবে কিনা বা সেই চুক্তির নবায়ন হবে কিনা আমরা কিন্তু এখনো জানি না। পানিমন্ত্রী বলছেন যে তিনি দুইটি চিঠি পাঠিয়েছেন, কিন্তু তার কোনো উত্তর পাননি। তো তিনি উত্তর পাননি, এটা তিনি নভেম্বরের শেষে এসে দেশের জনগণকে অবহিত করছেন। এর আগে যখন আমরা সংসদে জিজ্ঞাসা করেছি, তখন কিন্তু উনি বলেছেন যে চুক্তির আলোচনা হচ্ছে, চুক্তির আলোচনা হচ্ছে। এখন তিনি বলছেন যে তিনি কোনো উত্তরই পাচ্ছেন না। তার মানে এই পদ্মাপাড়ের মানুষদেরকে, এই রাজশাহী অঞ্চলের মানুষদেরকে মরুভূমিতে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে ভারত। তিস্তার পাড়কে যেমন শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ভারত, একইভাবে এখন এই রাজশাহী অঞ্চলকে চরে পরিণত করার, মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত। সেই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে এই দেশের পতিত, এই দেশের তাবেদার আওয়ামী লীগ শক্তি।

ফলে আমাদের এইবারের লড়াই—আমাদের সীমান্তকে সুরক্ষিত করার লড়াই, আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে নেওয়ার লড়াই, আমাদের গণতন্ত্রকে রক্ষা করার লড়াই, এ দেশের ইসলামকে রক্ষা করার লড়াই, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার লড়াই—বলেন নাহিদ। তিনি আরও বলেন, এই দেশের এই লড়াইটা কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই লড়াইয়ে আমাদেরকে জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। বিএনপির নেতৃত্বাধীন কোনো লড়াই হবে না। বিএনপি গত ১৬ বছর আওয়ামী লীগকে ঠেকাতে পারে নাই। বিরোধী দলে অবস্থায় তারা ব্যর্থ হয়েছিল। এখন সরকারে থাকা অবস্থায় তারা আবারও ব্যর্থ হওয়ার প্রমাণ দিচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, তাদের সরকারে থাকা অবস্থায় তাদের সিটিং এমপি গোপালগঞ্জে এখন যেতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী পুরা দেশের আইনশৃঙ্খলা ব্যর্থ প্রমাণ হয়েছে। ২০২৫ সালে যখন আমরা জুলাই পদযাত্রা করেছিলাম, আমরা গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ দিয়েছিলাম। তখন অনেকে বলেছিল—গোপালগঞ্জে কেন মার্চ? সব জায়গায় কেন পদযাত্রা হলো? এখন তারা ঠিকই বুঝতেছে যে গোপালগঞ্জে কেন মার্চ করা প্রয়োজন। তারা নিজেরাই এখন গোপালগঞ্জে মার্চ করতে চাচ্ছে, কিন্তু গোপালগঞ্জে ঢুকতে পারছে না। এই হলো তাদের অবস্থা। এই গোপালগঞ্জে তিন-তিনটে এমপি বিএনপির, তারা আওয়ামী লীগের সমঝোতা করে নির্বাচন করে এসেছে। এখন তারা নিজেরাই গোপালগঞ্জে ঢুকতে পারছে না। ফলে আমরা বলব—বিএনপি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে, পতিত ফ্যাসিবাদী শক্তি থেকে দেশ এবং জনগণকে রক্ষা করতে, দেশে সংস্কার বাস্তবায়ন করতে এবং দেশের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে।

ঐক্যের গুরুত্ব বর্ণনা করে নাহিদ ইসলাম বলেন, আমাদেরকে আবারও জুলাই গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-তরুণ-শ্রমিক-জনতার যে ঐক্য হয়েছিল, যে রাজপথে আমরা নেমে এসেছিলাম, দেশের জনগণের জন্য আমাদেরকে আবারও নামতে হবে। কারণ শেখ হাসিনা, খুনি হাসিনাকে আমরা এই দেশের মাটিতে আবার নতুন করে কোনো ধরনের নৈরাজ্য করার সুযোগও দেব না। আমরা খুনি হাসিনার বিচার চাই। এই বাংলার মাটিতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হবে। খুনি হাসিনাকে অবশ্যই আসতে হবে। আমরা তাকে আপ্যায়ন করার জন্য, ফাঁসির মঞ্চে আপ্যায়ন করার জন্য প্রস্তুত আছি। আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে, চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সুযোগ নাই। ৫ আগস্টে তারা এই সুযোগ হারিয়েছে। এবং এই ধরনের এখন নৈরাজ্য করে, সন্ত্রাস করে তারা যদি মনে করে বিএনপির আপসকামিতার সুযোগ নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে, এইটা তাদের ভুল ধারণা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে…
  • ২৯ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, গণপিটুনি দিল ছাত্র…
  • ২৯ নভেম্বর ২০২৬
ইউএস-বাংলার বিমানে আগুন, জরুরি নামানো হলো যাত্রীদের
  • ২৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের ভোটে জিতে এখন জাতীয় ঐক্যের কথা বলছে সরকার
  • ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের চিঠি পাঠানো নিয়ে সবশেষ যা জানাল মন্ত্র…
  • ২৯ নভেম্বর ২০২৬
বিএমইউতে অটিজমে আক্রান্ত শিশুদের পরিবারকেন্দ্রিক ব্যবস্থাপন…
  • ২৯ নভেম্বর ২০২৬