মোসাদ্দেক হোসেন ছোটন © সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলা কোচ মোসাদ্দেক হোসেন ছোটন আর নেই। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোসাদ্দেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় প্রয়াত এই কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
দীর্ঘদিন ধরে তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোসাদ্দেক। ২০১১ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর থেকে বয়সভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে কাজ করার পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন এই কোচ।
ঢাকা জেলা দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মোসাদ্দেক। সর্বশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি।
তার মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গন হারাল তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে নিবেদিতপ্রাণ এক অভিজ্ঞ কোচকে।