ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত
বাংলাদেশ সফরে টেস্ট সিরিজের আগে প্রস্তুতির সময় কমল ওয়েস্ট ইন্ডিজের। সফরকারীদের অনুরোধে তিনদিনের প্রস্তুতি ম্যাচ কমিয়ে দুই দিনে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে, ১৯ অক্টোবর এবং ম্যাচ শেষে ২৪ অক্টোবর বিশ্রামে থাকবে দুই দল।
প্রস্তুতি ম্যাচের পরই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৮ অক্টোবর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শেষ হবে ১ নভেম্বর।
এরপর দ্বিতীয় টেস্ট খেলতে সিলেট যাবে দুই দল। সেখানে ৫ নভেম্বর শুরু হবে সিরিজের শেষ ম্যাচ, যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রস্তুতি ম্যাচের সময় কমানো হলেও টেস্ট সিরিজের মূল সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ফাইনালে ওঠার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে দুই ম্যাচেই ভালো ফল অর্জনের লক্ষ্য থাকবে স্বাগতিকদের।
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি
২২-২৩ অক্টোবর : প্রস্তুতি ম্যাচ, বসুন্ধরা, সকাল সাড়ে ৯টা
২৮ অক্টোবর-১ নভেম্বর : প্রথম টেস্ট, মিরপুর, সকাল সাড়ে ৯টা
৫-৯ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, সিলেট, সকাল সাড়ে ৯টা