বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধন করেছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের ৮ জন রয়েছেন।
বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন ড্রাফটে নাম লিখিয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি ড্রাফটে ওয়েস্ট ইন্ডিজ থেকে গুদাকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ, ইংল্যান্ডের লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গাও নিবন্ধন করেছেন।
আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এপিএলের দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফট। এর আগে ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর।
এদিকে, এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফটের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড।