হাসান মাহমুদ © সংগৃহীত
আবুধাবি টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত বোলিংয়ে ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। একে একে ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়াউর রহমানকে সাজঘরে ফেরান।
হাসানের এই কীর্তির মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা তৃতীয় বাংলাদেশি বোলার হলেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে এই কৃতিত্ব দেখিয়েছিলেন অলক কাপালি ও সোহাগ গাজী।
২০০৩ সালে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি। এরপর ২০১৩ সালে চট্টগ্রাম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের স্বাদ পান সোহাগ গাজী।
বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার প্রথম নজির গড়লেন হাসান মাহমুদ। এর আগে হ্যাটট্রিক করা দুই বাংলাদেশি বোলারই ছিলেন স্পিনার।
এদিকে হ্যাটট্রিকের পাশাপাশি ইনিংসে পাঁচ উইকেটও পূর্ণ করেছেন হাসান। ইয়ামিন আহমেদজাইকে আউট করে ফাইফার পূর্ণ করার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি।
মাত্র ১৭টি টেস্ট ম্যাচের ২৯ ইনিংসে ৫০ উইকেটের ঘরে পৌঁছেছেন হাসান। এর মধ্য দিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে দ্রুততম সময়ে এই মাইলফলক অর্জনের কৃতিত্ব গড়েছেন তিনি।