প্রতীকি ছবি © সংগৃহীত
নেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ভারতের উত্তরবঙ্গ, সিকিম ও বাংলাদেশের কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে এ ভূমিকম্প হয়। এতে দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুই দফায় কম্পন অনুভূত হয়।
ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণের তথ্য অনুযায়ী, নেপালের কোশী অঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। এর কেন্দ্রস্থল ছিল সিকিমের কাছাকাছি।
দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সিকিমের বিভিন্ন স্থানেও ভূমিকম্পের প্রভাব পড়ে।
এ ছাড়া ভারতের বিহার, ভুটান ও বাংলাদেশের কয়েকটি এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আনন্দবাজার ডট কম।