এশিয়ার তৃতীয় বৃহৎ পরাশক্তি ভারত, নেতা হিসেবে দ্বিতীয় শক্তিধর মোদি

২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ PM
ভিজ্যুয়াল

ভিজ্যুয়াল © সংগৃহীত

এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ভারত। দেশটির অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের কার্যকারিতা এ অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে এশিয়ার সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মোদি। প্রথম স্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ২০২৬ সালের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স’-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের সামগ্রিক ক্ষমতা ও সম্ভাব্য সক্ষমতার ব্যবধান কমেছে। ২০১৮ সালে এ সূচক চালুর পর চীনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম। তবে সামগ্রিক ক্ষমতায় চীন এখনো ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে।

একটি দেশের সম্পদ ও সক্ষমতার ভিত্তিতে যে পরিমাণ ক্ষমতা অর্জনের প্রত্যাশা করা হয়, তার সঙ্গে বাস্তবে অর্জিত সামগ্রিক ক্ষমতার ব্যবধানকে ‘পাওয়ার ইয়েল্ড’ বলা হয়।

লোয়ি ইনস্টিটিউটের আটটি সূচকের মধ্যে পাঁচটিতে ভারতের অগ্রগতি হয়েছে। বাকি তিনটিতে সামান্য অবনতি দেখা গেছে। কূটনৈতিক প্রভাব কিছুটা কমলেও এটি ভারতের সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল সক্ষমতা হিসেবে রয়ে গেছে। যেখানে অধিকাংশ দেশের কূটনৈতিক প্রভাব কমেছে, সেখানে ভারত তুলনামূলকভাবে ভালো অবস্থান ধরে রেখেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা সহযোগিতার নেটওয়ার্ক এবং সাংস্কৃতিক প্রভাব এশিয়ায় দেশটির অবস্থান শক্তিশালী করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির কারণে প্রতিরক্ষা সম্পৃক্ততার ক্ষেত্রে ভারত নবম স্থানে উঠে এসেছে।

ভারতের সাংস্কৃতিক প্রভাবের স্কোর বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক প্রভাব বিস্তার, তথ্যপ্রবাহ এবং জনগণের মধ্যে যোগাযোগ—এই তিন ক্ষেত্রেই উন্নতির কারণে এ অগ্রগতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনের বিষয়ে নিজের মতামত জানিয়ে লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক এবং এশিয়া পাওয়ার ইনডেক্সের প্রকল্পপ্রধান ড. হান্টার মার্সটন বলেন, ভারত প্রভাব বাড়াচ্ছে। দেশটির স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ হয়েছে, যা বড় শক্তি হিসেবে ভারতের অবস্থান সুসংহত করেছে। ২০১৮ সালের পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা অবনতি সত্ত্বেও মোদি এখন সি চিন পিংয়ের পর এশিয়ার দ্বিতীয় সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন।

তবে ভারতের জন্য কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে রুপির দুর্বল হয়ে পড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতের বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।

মোদির নেতৃত্ব নিয়েও প্রতিবেদনে কিছুটা নেতিবাচক মূল্যায়ন করা হয়েছে। এতে বলা হয়েছে, তাঁর নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ধারণা আগের তুলনায় দুর্বল হয়েছে। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় ভারতের সামনে সুযোগের পরিসর বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ২৭টি দেশ ও অঞ্চলকে মূল্যায়ন করা হয়েছে। ১৩১টি সূচকের ভিত্তিতে আটটি ক্ষেত্রে দেশগুলোর ক্ষমতা পরিমাপ করা হয়েছে। ক্ষেত্রগুলো হলো অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, স্থিতিস্থাপকতা, কূটনৈতিক প্রভাব, ভবিষ্যৎ সম্পদ, প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং অর্থনৈতিক সম্পর্ক।

চীনের সঙ্গে সামরিক শক্তির ব্যবধান কমছে যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সম্পৃক্ততার কারণে এশিয়ার প্রতি ওয়াশিংটনের মনোযোগ কিছুটা কমেছে। এ সুযোগে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছে গেছে চীন। দুই দেশের ব্যবধানও ক্রমেই কমছে।

পাওয়ার ইনডেক্সের প্রতিবেদনে দেখা যায়, সামগ্রিক ক্ষমতার সূচকে যুক্তরাষ্ট্রের স্কোর ৭৮ দশমিক ৯ এবং চীনের ৭৩ দশমিক ৬। দুই দেশের ব্যবধান ৫ দশমিক ৩ পয়েন্ট।

অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য অবনতি হয়েছে। অন্যদিকে এসব ক্ষেত্রে চীন বেশির ভাগ সময় শক্তিশালী ও স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে।

সামরিক বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সমুদ্রভিত্তিক শক্তিও বাড়াচ্ছে চীন। দেশটির ক্রমবর্ধমান সামরিক ও সামুদ্রিক সক্ষমতা ফিলিপাইন ও তাইওয়ানকে ঘিরে আঞ্চলিক ভূখণ্ডগত দাবিতে তাদের অবস্থান আরও জোরালো করছে।

যুক্তরাষ্ট্রের ডলারের রিজার্ভ শক্তিশালী হলেও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে চীন। দেশটির সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ যুক্তরাষ্ট্রের তুলনায় তিন গুণে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা
  • ২৩ নভেম্বর ২০২৬
এশিয়ার তৃতীয় বৃহৎ পরাশক্তি ভারত, নেতা হিসেবে দ্বিতীয় শক্তিধ…
  • ২৩ নভেম্বর ২০২৬
দেশের ৯ বিশ্ববিদ্যালয়ের ৫৫ নবীন গবেষককে স্বাগত জানিয়ে গাকৃব…
  • ২৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগকে তো ৫ আগস্টই পরাজিত করেছি, এখন লড়াই ভারতীয় আধিপ…
  • ২৩ নভেম্বর ২০২৬
এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন আওয়ামী লীগের
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৪৬৪ জন, ফল দেখুন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬