বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন বিজেপি মন্ত্রী

২৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ AM
 ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা

ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা © টিডিসি ছবি

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে সমাবেশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ এবং সমবায় মন্ত্রী ও বিজেপি নেতা অশোক কীর্তনীয়া। একই সমাবেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিও জানানো হয়। 

রবিবার (২২ নভেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ ও সমাবেশ করেন। এতে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ এবং সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেন।

সমাবেশে স্বপন মজুমদার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান।

একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।’

এদিকে, একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতেই নেতারা ওই এলাকা পরিদর্শন করেন। 

প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ভারতীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ নেতারা আগরতলা-আখাউড়া সীমান্তসহ ত্রিপুরার বিকল্প পথগুলোও পরিদর্শন করতে পারেন। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত সংযোগকারী পথ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে বলে ওই প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। 

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্তে টহল ও নজরদারি বাড়ায় বিজিবি। বেনাপোল চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোলের প্রধান ফটক, চেকপোস্টসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। 

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬