ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা। © টিডিসি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। রোববার (২২ নভেম্বর) ভোরে বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমটির ‘হাসিনা ফেরার আগে অশান্তি অব্যাহত বাংলাদেশে! ঐক্যের লক্ষ্যে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক’ শিরোনামের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার ভোর সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে পেট্রলবোমা ছোড়ে এবং কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। তবে স্থানীয়দের সহায়তায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের দায়ী করেছেন সাদিক কায়েম।
এদিকে প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী কয়েক দিনের মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছে।
তবে নাহিদ ইসলাম ও শফিকুর রহমান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাঁরা দেশে ফিরলে তাঁদের সঙ্গে বৈঠক হতে পারে। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। বৈঠকে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) দেশের ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে অরাজকতা কঠোর হাতে দমনের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে অশান্তি উসকে দিচ্ছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি।