মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক। © সংগৃহীত
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮৩১ জনের কাগজপত্র যাচাই করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং কর্মানুমতির শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন নারী। বাংলাদেশিদের পাশাপাশি নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন।
অভিযানে কর্মানুমতির অপব্যবহারের ঘটনাও শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার বিষয়টি রয়েছে।
অভিযানে ২৫৪ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি তলব নোটিশ জারি করেছে কোম্পানি কমিশন।
আটক বিদেশি নাগরিকদের সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে ১৮ থেকে ২০ নভেম্বর দেশজুড়ে ৩৪টি কারখানায় অভিযান চালিয়ে ৫১৯ জন অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।