যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের সুপারিশ

২১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ PM
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া © টিডিসি ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণের সুপারিশ করেছে শহরটির সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি। সড়কটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

গত ১৪ অক্টোবর সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও সদস্যদের কাছে পাঠানো কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির সদস্যরা কোনো বিরোধিতা ছাড়াই মৌখিক ভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করেছেন।

প্রস্তাবিত অধ্যাদেশে শিকাগো শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নাম পরিবর্তনের কথা বলা হয়েছে। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী সড়কটির অংশকে সম্মানসূচকভাবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামকরণের প্রস্তাব করা হয়েছে। এ জন্য শিকাগোর পরিবহন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ও নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।

সিটি কাউন্সিলের নথি অনুযায়ী, ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর অধ্যাদেশটি উত্থাপন করা হয় এবং পরে তা সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়। কমিটির প্রতিবেদনে কাউন্সিলকে প্রস্তাবিত অধ্যাদেশটি পাস করার সুপারিশ করা হয়েছে। 

অধ্যাদেশের প্রস্তাবনায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা, শিক্ষা বিস্তারে উদ্যোগ এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। কয়েক দশক ধরে তিনি দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়া ঐতিহাসিক ভূমিকা পালন করেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তাঁর অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

এ ছাড়া তাঁর নেতৃত্বে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার নীতির কথাও উল্লেখ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ও উন্নতির সুযোগ বাড়াতে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারেও বেগম খালেদা জিয়া কাজ করেছেন বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, সহযোগিতা এবং দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক রয়েছে।

শিকাগো শহরসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদানের কথাও তুলে ধরা হয়েছে অধ্যাদেশে। নাগরিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এই কমিউনিটির ভূমিকা দুই দেশের মানুষের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে বলে এতে উল্লেখ করা হয়।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, গণতন্ত্র, শিক্ষা, জনসেবা ও জাতীয় উন্নয়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকা প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশিদের অনুপ্রাণিত করেছে। তাঁর পরিবার এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে তাঁর আদর্শ ও উত্তরাধিকার এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তাঁর ছেলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথাও উল্লেখ করা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা এবং বাংলাদেশের মানুষের প্রতি নিষ্ঠার মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন।

শিকাগোর উইলিস টাওয়ারের কাছের সড়কটির নামকরণের প্রস্তাবের পেছনেও বিশেষ কারণ তুলে ধরা হয়েছে। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের এই অংশটি উইলিস টাওয়ার ব্লকের পাশে অবস্থিত। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত উইলিস টাওয়ার শিকাগোর স্থাপত্য ও প্রকৌশলগত উৎকর্ষের প্রতীক।

বিশ্বখ্যাত এই ভবনের নির্মাণে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের গুরুত্বপূর্ণ অবদানের কথাও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। তাঁর উদ্ভাবনী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শিকাগোর পরিচিত আকাশসীমা গড়ে তুলতে সহায়তা করেছে। শিকাগো ও আধুনিক কাঠামোগত প্রকৌশলে তাঁর অবদান বাংলাদেশ, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি এবং শিকাগো শহরের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক বলে প্রস্তাবনায় বলা হয়েছে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার নামে সড়কের সম্মানসূচক নামকরণ গণতন্ত্র, শিক্ষা, জনসেবা ও আন্তর্জাতিক বন্ধুত্বে তাঁর অবদানের প্রতি স্থায়ী নাগরিক শ্রদ্ধা হিসেবে কাজ করবে। একই সঙ্গে এটি শিকাগো, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে স্বীকৃতি দেবে।

প্রস্তাবিত অধ্যাদেশে শিকাগো মিউনিসিপ্যাল কোডের ২-৮-০৪০ ধারার উল্লেখ করা হয়েছে। এ ধারার আওতায় শিকাগোর পরিবহন কমিশনারকে ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশকে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ হিসেবে নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অধ্যাদেশটি পাস ও প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার বিধানও রাখা হয়েছে।

সূত্রঃ শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি 

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল যথাসময়েই
  • ২১ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার
  • ২১ নভেম্বর ২০২৬
রমজান-ঈদুল ফিতর-ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করল আরব আম…
  • ২১ নভেম্বর ২০২৬
শিমান্ত ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ, আবেদন শেষ ২৫ নভে…
  • ২১ নভেম্বর ২০২৬
ফ্যাসিস্টদের দোসর শিক্ষকদের তালিকা হচ্ছে: সংসদীয় কমিটির চেয়…
  • ২১ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা ৩৫০ পর্যটক ফিরছেন ট্রলারে
  • ২১ নভেম্বর ২০২৬