ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ AM
 ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু © টিডিসি ছবি

পাঠাওয়ের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের স্বপ্ন ও উদ্যোগ এগিয়ে নিতে তার নামে স্কলারশিপ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য তহবিল চালু করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ‘ফাহিম সালেহ স্কলারশিপ’ ও ‘ফাহিম সালেহ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ এনডাওমেন্ট ফান্ড’ নামে এই দুটি উদ্যোগে অনুদান দিয়েছেন ফাহিমের বাবা-মা। রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ দুটি চালু করা হয়।

স্কলারশিপ ও তহবিল গঠন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম।

ফাহিম সালেহ ২০১৫ সালে পাঠাও এবং ২০১৮ সালে নাইজেরিয়ায় গোকাডা প্রতিষ্ঠা করেন। অ্যাডভেঞ্চার ক্যাপিটাল ও লঞ্চ আফ্রিকা ভেঞ্চারসের মাধ্যমেও তিনি বিভিন্ন দেশের নতুন উদ্যোক্তাদের সহায়তা করেছেন। স্থানীয় সমস্যা সমাধানে গড়ে ওঠা ব্যবসাও বড় হতে পারে বলে বিশ্বাস করতেন তিনি। বাংলাদেশের তরুণদেরও এ ধরনের উদ্যোগ গড়ে তোলার সক্ষমতা রয়েছে বলে মনে করতেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা।

তবে অকালেই থেমে যায় ফাহিমের জীবন। তার বিশ্বাস ও স্বপ্নকে এগিয়ে নিতে এবার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

তহবিল চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, ‘আজ থেকে আমরাও ফাহিমের কাজ ও স্বপ্ন এগিয়ে নিতে কাজ করবো। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ ও সম্মানের বিষয়।’ এ উদ্যোগের সঙ্গে ফাহিমের পরিবারের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘এই তহবিলকে আমাদের একটি লক্ষ্য হিসেবে দেখতে হবে।’ তিনি বলেন, তরুণদের জন্য উদ্যোক্তা পুরস্কার চালু করা হলে সড়ক নিরাপত্তার মতো বাস্তব সমস্যার সমাধানে নতুন উদ্যোগ গড়ে উঠতে পারে। এ সময় ফাহিমের পরিবারকে ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারে স্বাগত জানান তিনি। পাশাপাশি ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয়ও অনুদানের সমপরিমাণ অর্থ দেবে।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সিফাত। তার বাবা-মা চিকিৎসাধীন থাকায় পরিবারের খরচ তার বড় বোনের আয়ের ওপর নির্ভরশীল ছিল। এমন পরিস্থিতিতে ব্র্যাক ইউনিভার্সিটির বৃত্তি তার পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করেছে।

সিফাত বলেন, ‘আমার পরিস্থিতি আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’ বৃত্তিটি শুধু পরিবারের কঠিন পরিস্থিতি সামলে চলতেই সহায়তা করেনি, বরং নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগও দিয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও হেড অব মার্কেটিং সৌমিক হাসান শ্রান্ত। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) কীভাবে তার স্টার্টআপকে এগিয়ে নিতে সহায়তা করেছে, তা তুলে ধরেন তিনি।

ফাহিম সালেহের স্মরণে এ উদ্যোগ নেওয়ায় ব্র্যাক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান তার বাবা সালেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন সিইডির হেড আফসানা চৌধুরী, রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড এবং ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কলারশিপ অফিসের হেড সাইদুজ্জামান শিকদার।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা), এসডিজি-৮ (শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি) এবং এসডিজি-১০ (বৈষম্য হ্রাস) অর্জনে ভূমিকা রাখবে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬