আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর

২১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ PM
ড্যাফোডিলে আইএইউপি সম্মেলন

ড্যাফোডিলে আইএইউপি সম্মেলন © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আয়োজনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩০টির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে এ তথ্য জানানো হয়।

তিন দিনব্যাপী এ সম্মেলন ১৯ নভেম্বর শুরু হয়। এতে ২৪টির বেশি দেশের প্রায় ১০০টি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, রেক্টর, শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিরা অংশ নেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’।

সম্মেলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্বাক্ষরিত এসব সমঝোতা স্মারক আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকেরা। তাঁদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ ইউরোপসহ ইউরোপের বিভিন্ন অঞ্চল, অস্ট্রেলিয়া, উপসাগরীয় দেশ এবং এশিয়া ও আফ্রিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ অংশীদারত্ব কার্যক্রমে যুক্ত হয়েছে। আয়োজকদের মতে, সমঝোতা স্মারক স্বাক্ষরের এ সংখ্যা আইএইউপির সম্মেলনগুলোর অন্যতম উল্লেখযোগ্য অর্জন।

এ অর্জনের তাৎপর্য তুলে ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট ড. মো. সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা, অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষণার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়াকে আইএইউপি সব সময় উৎসাহিত করে। ড্যাফোডিলে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ সেই লক্ষ্য এগিয়ে নেওয়ার উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং অন্যান্য একাডেমিক সহযোগিতার সুযোগ বাড়বে। পাশাপাশি শিক্ষাদান, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো একে অন্যের কাছ থেকে শিখতে পারবে। এতে উচ্চশিক্ষার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

ড. সবুর খান বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়প্রধানদের আইএইউপির সঙ্গে যুক্ত হওয়ার এবং এর কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি প্রত্যাশা করেন, আইএইউপির বৈশ্বিক প্ল্যাটফর্ম ও নেতৃত্ব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ, অংশীদারত্ব এবং উত্তম চর্চা বিনিময়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সুফল শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা পাবেন।

বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এ সম্মেলন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলা এবং নিজেদের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা ও গবেষণা সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে একত্র করার মাধ্যমে বৈশ্বিক উচ্চশিক্ষার আলোচনায় বাংলাদেশের অবদান রাখার সক্ষমতাও তুলে ধরেছে।

সম্মেলনের তিন দিনে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় হয়। শেষ দিনে ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শন, সাংস্কৃতিক আয়োজন, বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ‘ঐতিহ্যের হাট’ এবং ‘Open Science, AI, and the Future of Academic Research’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

সম্মেলনের সমাপনী অধিবেশনে আইএইউপির পরবর্তী সভা ২০২৭ সালের মার্চে মিসরে আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়। একই বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সংগঠনটির পরবর্তী ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের পরিকল্পনাও ঘোষণা করা হয়।

মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬
১৯ জানুয়ারি ঘিরে উদ্যোগ, জাতীয়করণ নিয়ে ‘বড় সুখবর’ দিলেন সেল…
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনীতে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশ…
  • ২১ নভেম্বর ২০২৬