আনন্দবাজার পত্রিকা

আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির

২১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ PM
শেখ হাসিনা ও গত কয়েকদিনে গোপালগঞ্জে নাশকতা

শেখ হাসিনা ও গত কয়েকদিনে গোপালগঞ্জে নাশকতা © টিডিসি সম্পাদিত

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামী ও দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। তার আগেই দেশের নানা প্রান্তে নতুন করে অশান্তি শুরু হয়েছে। ক্ষমতাসীন দল বিএনপির দাবি, দেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নতুন আন্দোলন গড়ে তুলতে চান হাসিনা। তার জন্য ‘লাশ’ প্রয়োজন। সেই কারণেই এত অশান্তি হচ্ছে চারদিকে। খবর আনন্দবাজার পত্রিকার।

শুক্রবার (২০ নভেম্বর) যশোরের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সমালোচনা করেন। তিনি বলেন, গণতন্ত্রবিরোধী মানুষটি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে এখন অন্য জায়গা থেকে সন্ত্রাসে মদত দিচ্ছেন। তাদের টাকার অভাব নেই। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরেরা সেই অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছেন। শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক সংগ্রামে যোগ দিয়েছিলেন যারা, তাদের বাড়িতেও আগুন লাগানো হচ্ছে।

তিনি আরও বলেন, এই অশান্তিতে দেশের বাইরে থেকে মদত দেওয়া হচ্ছে। কারণ, শেখ হাসিনার লাশ দরকার। কারণ, তিনি একটি আন্দোলন গড়ে তুলতে চান। এ সময় পুলিশ-প্রশাসনের ভিতরেও গণতন্ত্রবিরোধী শক্তি লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বাইরে থেকে অশান্তিতে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। বলেছেন, একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। যথেষ্ট হয়েছে। আমরা এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের পরিষ্কার বার্তা দিতে চাই।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় সীমান্তরক্ষী বাহিনী নামিয়েছে সরকার। মোট আটটি জেলায় ৯০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ঢাকা, ঢাকা মহানগর ছাড়াও রয়েছে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজার।

বিজিবি জানিয়েছে, সরকারি সম্পত্তি, শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা রক্ষা করতে তারা জেলা প্রশাসনের সঙ্গে মিলে কাজ করবে। যে কোনও বিশৃঙ্খলা বা হিংসা দমন করবে কঠোর হাতে।

উল্লেখ্য, গত কয়েক দিনে গোপালগঞ্জ ছাড়াও সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা, পাবনার মতো জেলায় ‘অশান্তি’ ছড়িয়েছে। ১৮ নভেম্বর গভীর রাতে চট্টগ্রামে আগুন ধরানো হয় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে। বিএনপির সংসদ সদস্যদের বাড়িতেও হামলা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর ও টুঙ্গিপাড়া থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

সরকারি ভাবে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। গত ফেব্রুয়ারির নির্বাচনে তারা যোগ দিতে পারেনি। কিন্তু হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে ফের মূলস্রোতের রাজনীতিতে ফিরতে চাইছে আওয়ামী লীগ। হাসিনা নিজেও পাসপোর্ট এবং পরিচয়পত্র চেয়ে আইনজীবী মারফত চিঠি দিয়েছেন ঢাকায়। এখনও তার জবাব দেওয়া হয়নি। বাংলাদেশের আদালত মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। দেশে ফিরলে তা কার্যকর করা হতে পারে, জানিয়েছেন রায় ঘোষণাকারী সেই বিচারক।

মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬
১৯ জানুয়ারি ঘিরে উদ্যোগ, জাতীয়করণ নিয়ে ‘বড় সুখবর’ দিলেন সেল…
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনীতে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশ…
  • ২১ নভেম্বর ২০২৬