বরিশাল বিমানবন্দর থানা © সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচলে বাধা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বরিশাল বিমানবন্দর থানায় মামলাটি করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার এজাহারভুক্ত আসামি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার রামপট্টি স্টেশন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। এ সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, বিক্ষোভের সময় তারা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় বলে অভিযোগ পুলিশের।
এ ঘটনায় ১৯ নভেম্বর বরিশাল বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করে। মামলায় বাবুগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন।
এ ছাড়া রয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস, সুজন আহমেদ (সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা), ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান ও সাব্বির হোসেন।
মামলার আসামি মো. কামাল হোসেনকে ২০ নভেম্বর রাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার দেহেরগতি ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগ তৈরির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।