১৯ জানুয়ারি ঘিরে উদ্যোগ, জাতীয়করণ নিয়ে ‘বড় সুখবর’ দিলেন সেলিম ভুঁইয়া

২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ PM
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া © সৌজন্যে প্রাপ্ত

শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন। 

তিনি জানান, গত ৮ অক্টোবরের সমাবেশে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, ‘আগামী ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবসে মাননীয় প্রধানমন্ত্রীকে এনে জাতীয়করণের ঘোষণা দেওয়ার ব্যবস্থা করা হবে। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবও বলেছেন, শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন, তাই আমাদেরও সেই উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। মাহদী আমিন সাহেব, যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিও বলেছেন, শিক্ষকদের দাবির পক্ষে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘আল্লাহর ওপর ভরসা রাখুন। দেখা যাক, আমরা কতটুকু এগোতে পারি। মাঠপর্যায়ে আপনারা যে অবস্থান নিয়েছেন, তা অব্যাহত রাখুন।’

অধ্যক্ষ সেলিম বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষকদের অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জাতীয়করণ হলে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তা বাড়বে।

তিনি বলেন, ‘আজ যিনি প্রিন্সিপাল, তিনি সকালে বাসা থেকে বের হয়ে কলেজে গিয়ে দেখবেন, তাঁর চাকরি নেই। তাঁর জায়গায় আরেকজনকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। এ কারণেই আমরা চাই, শিক্ষকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত হোক।’

শিক্ষকদের সামাজিক মর্যাদার অবক্ষয়ের কথা উল্লেখ করে সেলিম ভূঁইয়া বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর অনেক ক্ষেত্রে ওই দলের আশপাশে থাকা মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে জায়গা করে নেন। পরে তাঁরা শিক্ষকদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন। যাঁদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁরা শিক্ষকদের মর্যাদা বুঝতে পারেন না।

জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে জাতীয়করণের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা যাচাই করা প্রয়োজন। অনেক মাদ্রাসা ও বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, অথচ শিক্ষক রয়েছেন প্রয়োজনের তুলনায় বেশি। এমনকি ঢাকা শহরের কোনো কোনো কলেজে মাত্র তিনজন শিক্ষার্থী থাকার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থী কম থাকা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও জাতীয়করণের আওতায় আনার পক্ষে তাঁরা। তবে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর শর্ত থাকতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের ৩২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৫ থেকে ২৬ হাজার প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে হিসাব-নিকাশ চলছে।

শিক্ষকদের অতীতের সামাজিক মর্যাদার উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় অভিভাবকেরা নিজেদের পুকুরের মাছ, গাভির প্রথম দুধ কিংবা বাড়ির গাছের প্রথম লাউ শিক্ষকের জন্য নিয়ে যেতেন। সন্তানের জন্য দোয়া চাইতেন। শিক্ষকদের প্রতি অভিভাবকদের এমন শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। কিন্তু বর্তমানে সেই চিত্র বদলে গেছে। এসব উপহার এখন শিক্ষকদের পরিবর্তে রাজনৈতিক নেতাদের বাড়িতে পৌঁছায়।

তিনি আরও বলেন, অনেক সময় রাজনৈতিক ব্যক্তিদের কাছে উপহার নিয়ে যাওয়ার পেছনে উন্নয়ন প্রকল্প বা রাস্তার কাজ পাওয়ার মতো স্বার্থ থাকে। একজন শিক্ষকের পক্ষে এসব কাজ দেওয়ার সুযোগ নেই। এ ধরনের প্রবণতা শিক্ষা ক্ষেত্রে অধঃপতনের অন্যতম কারণ।

জাতীয়করণের প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, জাতীয়করণ হলে শিক্ষকদের সামাজিক মর্যাদা বাড়বে। একজন শিক্ষক গর্ব করে বলতে পারবেন, তাঁর বাবা সরকারি শিক্ষক কিংবা মা সরকারি কলেজের অধ্যাপক। শিক্ষকদের প্রাপ্য সম্মান ফিরিয়ে আনতেই জাতীয়করণ প্রয়োজন।

অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা
সেলিম ভুঁইয়া বলেন, শিক্ষকদের যত সমস্যা রয়েছে, আমরা সবই জানি। আমাদের পরিচালক মহোদয় বলেছেন, শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের যে টাকা, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু লোক সেই টাকা একটি দুর্বল ব্যাংকে জমা রেখেছে। সেই ব্যাংকের আর্থিক সক্ষমতা না থাকায় এখন টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানেন এবং টাকা ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এর জন্য ২ হাজার কোটি টাকা দিয়েছেন। কিন্তু আমাদের প্রয়োজন আরও অনেক টাকা। এই ২ হাজার কোটি টাকা দিয়ে আপাতত যেসব শিক্ষক-কর্মচারী খুব অভাবের মধ্যে রয়েছেন, তাঁদের অবসর ও কল্যাণ-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন জাতীয় বেতন স্কেল নিয়ে অগ্রগতি
সেলিম ভুঁইয়া আরও বলেন, আপনাদের জাতীয় বেতন স্কেলের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যখন বিষয়টি তাঁর কানে পৌঁছেছে, তখন তিনি নির্দেশ দিয়েছেন, কত টাকা প্রয়োজন, তার হিসাব দিতে। হিসাব করে দেখা গেছে, এ জন্য ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন। তিনি সঙ্গে সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষা সচিব মহোদয় তখন চীনে ছিলেন। সেখান থেকে তিনি আমাকে আশ্বস্ত করেছেন এবং চিঠির একটি কপিও পাঠিয়েছেন যে, অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আমি তখন রাঙামাটি-কক্সবাজারে একটি সভায় বক্তব্য দিচ্ছিলাম। শিক্ষকদের একের পর এক দাবির মধ্যে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

আমি তাঁকে ফোন করলাম। তিনি বললেন, ‘স্যার, আপনি ঘোষণা দিয়ে দেন। জাতীয় বেতন স্কেল একসঙ্গেই হবে। সরকারি শিক্ষকরা যেদিন পাবেন, কর্মচারীরাও সেদিন পাবেন।’ আমি ঘোষণা দেওয়ার পর রাতে দেখি, তিনি আমাকে চিঠিটি পাঠিয়েছেন। সেখানে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকার বিষয়টি উল্লেখ রয়েছে। আমি জানতে পেরেছি, অর্থ মন্ত্রণালয়ের প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সুতরাং আপনারা এই সুবিধা পাবেন বলে আমরা আশাবাদী।

আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬
১৯ জানুয়ারি ঘিরে উদ্যোগ, জাতীয়করণ নিয়ে ‘বড় সুখবর’ দিলেন সেল…
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনীতে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশ…
  • ২১ নভেম্বর ২০২৬
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা 
  • ২১ নভেম্বর ২০২৬
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল ও আইএসআইবির বিরুদ্ধে তদন্তের …
  • ২১ নভেম্বর ২০২৬