ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত
দেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও পেশাদার হিসেবে গড়ে তুলতে সরকার গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্থলভাগের পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা অপরিহার্য। এ লক্ষ্যে তিন বাহিনীর পৃথক সক্ষমতাকে সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনও সরকারের পরিকল্পনার অংশ। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা ও পেশাদারিত্বের জন্য চেইন অব কমান্ডের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি সক্ষম, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য চেইন অব কমান্ডের পাশাপাশি সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন। তিনি বলেন, তাঁর মা জীবনের অনেকগুলো বছর ঢাকা সেনানিবাসে কাটিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তাঁর জীবনের শেষ অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে এসে বারবার মায়ের সেই স্মৃতির কথা মনে পড়ছে। তিনি মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে তাঁর মায়ের জন্য দোয়া চান।
সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সেই ঘটনাগুলো বিস্তারিত তুলে ধরেছেন। ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি ব্যাটালিয়নের কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের একত্র করে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন, যা রেডিওর মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে।
স্বাধীনতাত্তোর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল।
তিনি বলেন, পরাজিত অপশক্তি পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক জোটের আড়ালে ঐক্যবদ্ধ হয়ে ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ভয়াবহ সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল। সেই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে কী ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে, তা দেশবাসীর জানা।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথমত, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়ত, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা। বর্তমান সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করছে।
সশস্ত্র বাহিনীর দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকা—যেখানেই প্রয়োজন হয়েছে, সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে তাদের ভূমিকা প্রশংসনীয়। একইভাবে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুরুষ ও নারী সেনাসদস্যরা সুনাম অর্জন করেছেন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনাসদস্যদের স্মরণ করে প্রধানমন্ত্রী তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের প্রতি সহমর্মিতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে ইংরেজিতে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁদের দেশের জনগণের মূল্যবান অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ, সহযোগিতা ও সহায়তায় বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের সঙ্গে কাজ করা বাংলাদেশের সেনাসদস্যদের জন্য অনন্য সুযোগ ও মূল্যবান অভিজ্ঞতা। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ অঙ্গীকার ও সহযোগিতা অব্যাহত থাকবে।
বক্তব্যের শেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।