পুলিশের বিবৃতি
বাংলাদেশ পুলিশের লোগো © টিডিসি সম্পাদিত
নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনাও ঘটেনি। বরং পূর্বে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
আজ শনিবার (২১ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণ করা ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছেন। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি ওই ঘটনায় কোনো হিন্দু সদস্যের পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নড়াইলের কালিয়া থানাধীন বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করেন। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫), পিতা নিসার শেখ, সাং-মির্জাপুর এবং জাসাসের (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০), পিতা মোতালেব মোল্যা, সাং-বড় কালিয়া, উভয় থানা-কালিয়া, জেলা-নড়াইল নিহত হন।
পুলিশ জানায়, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বুলু বিশ্বাসের ছেলে এবং নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের বাসিন্দা।
বিবৃতিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহত দুজনের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন এবং বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হন। এ সময় তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক।
এদিকে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছিল পুলিশ।
নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।