জামালপুর
জামালপুরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। © সংগৃহীত
সড়কে রং ছড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে শহরের ভোকেশনাল মোড় থেকে মিছিলটি বের হয়। পরে রাজীব কাউন্টারের পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহর বাসার সামনে গিয়ে তা শেষ হয়।
শুক্রবার সকালে ছাত্রলীগ নেতা শাহেদের ফেসবুক আইডি থেকে মিছিলের দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, মিছিলটির নেতৃত্ব দেন জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ হোসেন। এর দুই দিন আগেও গোপালগঞ্জে একটি বিক্ষোভ মিছিলে তাঁকে অংশ নিতে দেখা যায়। ওই কর্মসূচির একটি ভিডিওতেও তাঁর উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে কয়েকজন নেতা-কর্মী মিছিল করছেন। তাঁদের হাতে পাইপ ও বাঁশের লাঠিও দেখা যায়। মিছিলটি রাজীব কাউন্টারের কাছে পৌঁছালে একাধিকবার বিকট শব্দ শোনা যায়। তবে শব্দের উৎস কী, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।
মিছিল চলাকালে নেতা-কর্মীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জামালপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ‘শেখ হাসিনার ভয় নেই, ঘরে থাকার সময় নেই’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা নাজমুল জান্নাতের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও অন্য একজন ফোন রিসিভ করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের মুঠোফোনেও কল করা হয়। তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, ‘সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।’