ফেনী
নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার। © সংগৃহীত
ফেনীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে পেট্রলবোমাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১৩ জনের মধ্যে সদর উপজেলার ফাজিলপুরের শরিয়ত উল্লাহর ছেলে জিয়াউল হক, সিলোনিয়ার আবদুর রাজ্জাকের ছেলে রাকিবুল হাসান, একই এলাকার শাহ আলমের ছেলে জাহিদুল আলম মাহিন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক তাহফিমুল ইসলাম বাবু হাজারী এবং ছলিম উল্ল্যাহর ছেলে জাকির হোসেন রয়েছেন।
এ ছাড়া নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আল রাজু, দাগনভূঞার সৌরভ হোসেন সাইমুন, ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক আশিক এবং পৌর ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হুজাইফা তামিমও গ্রেপ্তার হয়েছেন।
ফেনী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একাধিক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে পেট্রলবোমাসহ চারজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার শর্শদির মৃত জয়নাল আবেদিনের ছেলে রেজাউল করিম, কুমিল্লার মনোহরগঞ্জের আবু জাহেরের ছেলে মনির হোসেন, সদর উপজেলার ধলিয়ার নুরন্নবীর ছেলে শেখ ফরিদ এবং শর্শদির আবুল কাশেমের ছেলে মো. ইমরান।
পুলিশ জানায়, এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছের বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাঁরা নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গ্রেপ্তার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।