৬২তম জন্মদিনে ৬২টি চারা রোপণ
বৃক্ষরোপণ করে ঢাবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন ছাত্রদলের © টিডিসি ছবি
জন্মদিন মানেই কেক কাটা, র্যালি বের করা, শুভেচ্ছা বিনিময় ও আনুষ্ঠানিক উদ্যাপন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে সেই প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। তার জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণের কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
অনুষ্ঠানে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘আজ এমন একজন ব্যক্তির জন্মদিনে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল একটু ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা আমি অ্যাপ্রিশিয়েট করি। সকল ট্র্যাডিশনাল কেক কাটার প্রোগ্রাম বাদ দিয়ে উনার স্পিচের সঙ্গে তাল মিলিয়ে জন্মদিনে তারা বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। ইতোমধ্যে আমরা বৃক্ষরোপণ শুরু করে দিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করব।’

তিনি বলেন, ‘আমাদের এই বৃক্ষরোপণ জলবায়ুর সঙ্গে জড়িত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ৮১তম জাতিসংঘের সাধারণ পরিষদেও জলবায়ু নিয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন। উনার বক্তব্যের অন্যতম একটি শক্তিশালী দিক ছিল জলবায়ুকে প্রটেক্ট করতে হবে। একইভাবে গত কয়েকদিন আগে কপ-৩১ সম্মেলনেও উনি বিশেষ ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক মানের নেতৃত্ব উনি দিয়ে আসছেন। যেখানে জলবায়ু নিয়ন্ত্রণের জন্য লোন নেওয়া হয়, সেখানে উনি লোনের পরিবর্তে অনুদান চেয়েছেন। কারণ বাংলাদেশ ওইভাবে জলবায়ু দূষণ করে না। আমরা মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ জলবায়ু দূষণ করি, কিন্তু ভার বহন করতে হয় আমাদের। যারা ৫০ শতাংশ দূষণ করে, তাদের কারণে আমাদের এই ভার বহন করতে হয়। দেশের পক্ষে উনি এই রোলটা খুব ভালোভাবে প্লে করে আসছেন, যেটা সারাবিশ্বের কাছে আমাদের দেশের নেতৃত্ব তুলে ধরছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয়তাবাদী দলের ৩১ দফার ২৯ নম্বর দফাতেও জলবায়ু নিয়ন্ত্রণের জন্য বিশেষ কর্মসূচি দেওয়া হয়েছে। কীভাবে বৃক্ষরোপণের মাধ্যমে, কীভাবে নদী খননের মাধ্যমে আমাদের জলবায়ুর ভারসাম্য রাখা যায়, কীভাবে বন্যা থেকে প্রটেক্ট করা যায়, সেটা আমাদের ৩১ দফার ২৯ নম্বরে দেওয়া আছে। এছাড়াও আমরা উনার স্পিচ দেখেছি, উনি নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন বলে জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় উনি ১৩ জুন পাক বাজারে মালুমঘাটের একটি জায়গায় বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৩ কোটি ১৭ লাখ বৃক্ষরোপণ অলরেডি হয়ে গেছে।’
অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, ‘মোটামুটি আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে একটা এনভায়রনমেন্টাল ভারসাম্য নিয়ে আসতে পারি, এটা আমাদের জন্য এবং সরকারের জন্য বিশেষ কৃতিত্ব হবে। ওয়ান-টু-ওয়ান প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে বৃক্ষগুলো রোপণ করলাম, সেগুলো যেন ঠিকভাবে নার্সিং হয়, ঠিকমতো যত্ন হয়। শুধু জন্মদিনের জন্য বৃক্ষরোপণ করলাম, তা নয়। আমি আমার প্রাণের সংগঠন ছাত্রদলের সবাইকে আহ্বান করব, সবগুলো বৃক্ষ যেন সুন্দরভাবে নার্সিং করা হয়, কোনো বৃক্ষ যেন নষ্ট না হয়। বৃক্ষগুলোকে যেন টিকিয়ে রাখা হয়।’
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আপনারা জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণত জন্মদিন পালনের আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন। ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হলেও তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে সেগুলো এড়িয়ে চলেন। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবুজায়ন ও বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬২টি গাছ রোপণের প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছি।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করতে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। প্রশাসন আমাদের এই উদ্যোগের অনুমতি দিয়ে এমন সুন্দর একটি কর্মসূচি আয়োজনের সুযোগ করে দিয়েছে। এজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছর আমরা যে আন্দোলন-সংগ্রাম করেছি, তার অন্যতম লক্ষ্য ছিল জনগণের ভোটে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে দেখতে পারা। আমরা মনে করি, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা প্রত্যাশা করি, তিনি দীর্ঘদিন এ দেশের মাটি ও মানুষের সেবা করবেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন। যেভাবে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন, সেভাবে তিনিও তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন।’

নাছির উদ্দীন নাছির বলেন, ‘দেশ ও মানুষের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী যে আপসহীন ভূমিকা পালন করবেন, সেই ভূমিকার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় থাকবে। আমরা সবসময় রাজপথে থাকব এবং দেশের স্বার্থে, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার পাশে থাকব। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পুরো পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আমরা প্রত্যাশা করি, তিনি দীর্ঘদিন এ দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।’
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আপনারা জানেন, ইতোমধ্যেই সারা বাংলাদেশে বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে রাষ্ট্র পরিচালনায় রয়েছে, তারই অংশ হিসেবে আমরাও এই কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।’
তিনি বলেন, ‘আপনারা জেনে থাকবেন, দেখে থাকবেন, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার সময় আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী এবং সর্বোপরি এ দেশের মানুষকে সবসময় বৃক্ষরোপণের কথা বলেন। তিনি বিশেষভাবে একটি শব্দ চয়ন করেন, প্রতিটি জন্মদিনে সবাই যাতে একটি করে বৃক্ষরোপণ করেন। আমি বিশ্বাস করি, তার যে চিন্তা-চেতনা, বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চিন্তাভাবনা, ক্লিন অ্যান্ড গ্রিন বাংলাদেশ গড়ার চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা অবশ্যই সফল হবে।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা বৃক্ষরোপণের পাশাপাশি সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করি এবং বৃক্ষরোপণ করেই যেন আমরা থেমে না যাই, সেই বৃক্ষটা যেন পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে পারে এবং সচেতনভাবে সেই বৃক্ষটিকে, চারাটিকে দেখভালের দায়িত্ব নেই, তাহলেই আমি মনে করি আমাদের ছাত্রদলের এই কর্মসূচি সফল হবে।’
ছাত্রদল নেতারা প্রত্যাশা করেন, জন্মদিনের এই প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। রোপণ করা চারাগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রেখে সবুজায়নের উদ্যোগকে এগিয়ে নিতে চান তারা। পাশাপাশি বৃক্ষরোপণের এই বার্তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার পথ সুগম করবে বলে আশা তাদের।