নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বন্ধ পকেট গেইট
শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেইট বন্ধ © টিডিসি সম্পাদিত
নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেইট বন্ধ রাখার সিদ্ধান্ত ভোগান্তিতে ফেলেছেন হল পাড়াসহ কয়েক হাজার শিক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশপথ খোলা রেখে কেবল চারটি আবাসিক (জিয়া, মুজিব, বিজয় একাত্তর ও জসীমউদ্দীন) হলের শিক্ষার্থীদের নিত্যদিনের যাতায়াতের এই প্রধান পথটি তালাবদ্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ, নিরাপত্তার নামে নেওয়া এই সিদ্ধান্ত সমাধানের পরিবর্তে প্রতিদিনের দুর্ভোগই বাড়িয়েছে।
হল পাড়াসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের হাজার হাজার শিক্ষার্থীর বাইরে যাতায়াতের সবচেয়ে সহজ ও প্রধান পথ এই পকেট গেইট। টিউশনিতে যাতায়াত, জরুরি মুহূর্তে ওষুধ ও খাবার সংগ্রহ কিংবা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনাকাটাসহ প্রতিদিনের নানা কাজে এই পথটিই শিক্ষার্থীদের প্রধান ভরসা। আগে গেইটটি খোলা থাকায় কাটাবন মার্কেট, আজি সুপার মার্কেট, পিজি হাসপাতাল কিংবা শাহবাগ থেকে আসা যানবাহনগুলো সরাসরি গেইটের সামনেই শিক্ষার্থীদের নামিয়ে দিত। ফলে নিজ হলে প্রবেশ করতে তাদের বাড়তি কোনো সময় বা অর্থ ব্যয় হতো না। সর্বোচ্চ ৫ মিনিটেই যাওয়া-আসা করা যেত।
কিন্তু গেইটটি বন্ধ করে দেওয়ায় এখন শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন, মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে প্রবেশ করতে হচ্ছে। এতে প্রতিবার যাওয়া-আসায় অতিরিক্ত প্রায় ৬০-৮০ টাকা রিকশাভাড়া গুনতে হচ্ছে। আর বাড়তি খরচ বাঁচাতে হাঁটতে গেলে প্রতিবার যাওয়া-আসায় অতিরিক্ত আধা ঘণ্টার বেশি সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে শিক্ষার্থীদের।

৫ মিনিটের রাস্তা এখন এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে
প্রশাসনের এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলছেন, পুরো বিশ্ববিদ্যালয় খোলা রেখে কেবল হলপাড়ার এই পকেট গেইটটি বন্ধ করে প্রশাসন আসলে কোন ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তা বোধগম্য নয়। শিক্ষার্থীদের মতে, কর্তৃপক্ষ যদি নিরাপত্তা নিয়ে এতটাই শঙ্কিত থাকে, তবে গেইট বন্ধ করে হাজার হাজার শিক্ষার্থীকে ভোগান্তিতে না ফেলে সেখানে একজন নিরাপত্তাকর্মী বা প্রহরী বসিয়ে রাখলেই কার্যকরভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো।
তথ্য মতে, ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেইট টি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে সেটি বন্ধ রয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পকেট গেইট বন্ধ ঘোষণা
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজয় একাত্তর হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকরাম আহম্মেদ মিশু বলেন, এটি শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলা ছাড়া আর কিছুই নয়। প্রশাসনের নিজস্ব ব্যর্থতা ও অব্যবস্থাপনার দায় একটি পকেট গেইটের ওপর চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। গেইট বন্ধ করে দেওয়াই যদি একমাত্র সমাধান হয়ে থাকে, তবে প্রশ্ন থেকে যায়- গেট বন্ধ না করে পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করলে কি খুব বেশি অসুবিধা হতো? শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করার জন্য বিকল্প ও অধিকতর শিক্ষার্থীবান্ধব ব্যবস্থা গ্রহণের সুযোগ তো ছিলই।
তিনি বলেন, প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করে তাদের ভোগান্তি বাড়ানো নয়। নিজেদের ব্যর্থতার দায় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়ে এভাবে হয়রানি করা কোনো দায়িত্বশীল প্রশাসনিক সিদ্ধান্তের পরিচায়ক হতে পারে না।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শিশির তানিম বলেন, মুজিব হলের এই পকেট গেইট দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে। টিউশন, বাজার করা, বাড়িতে যাওয়া কিংবা আনুষঙ্গিক নানা কাজে ক্যাম্পাসের বাইরে যাওয়ার প্রয়োজন হলেই সবাই এই পথ ব্যবহার করে। নিরাপত্তার জন্য বহু আগে থেকেই এখানে একজন প্রহরী দেওয়ার আবেদন জানানো হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন তা দিতে পারেনি। তিনি বলেন, কিছু হলেই পকেট গেট বন্ধ করে দেওয়া হচ্ছে- অবস্থাটা এমন যেন মাথাব্যথা হলেই মাথা কেটে ফেলে দেওয়া! অথচ এই গেইট বন্ধ থাকার কারণে হাজার হাজার শিক্ষার্থীকে হয়রানির শিকার হতে হচ্ছে তা যেন কারও খেয়ালেই নেই।

বন্ধ হওয়ার আগে পকেট গেইট
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রশাসনের বড় একটি বৈঠক থেকে তাৎক্ষণিকভাবে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের বাড়তি খরচ ও ভোগান্তির বিষয়ে তিনি বলেন, এই গেইটটি তো আগে ছিল না, ভবন নির্মাণের সময় রাখা হয়েছিল। কিছুদিন গেলে শিক্ষার্থীরা এতে অভ্যস্ত হয়ে যাবে। আমাদের নিরাপত্তা দেখতে হবে, সবকিছু চাইলে তো হবে না।
গেইট বন্ধ না রেখে প্রহরী মোতায়েনের দাবির প্রসঙ্গে প্রক্টর বলেন, যে শিক্ষার্থীরা ইট-পাথর দিয়ে ভেঙে যেতে পারে, সেখানে প্রহরীরা কী করবে? যদি ন্যূনতম শ্রদ্ধা না দেখায়, সাময়িক ক্রাইসিস বিবেচনা না করে তাহলে নিরাপত্তাকর্মীরা কী করবে?
তিনি আরও উল্লেখ করেন, এই পথ দিয়ে শিক্ষার্থীরা যাতায়াত করলেও বহিরাগতদের বড় ধরনের প্রবেশ ও প্রস্থানের ঝুঁকি থেকে যায় এবং যেকোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। গেইটটি কবে খোলা হতে পারে এ বিষয়ে তিনি বলেন, আপাতত গেইট খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি; পরবর্তী জানানো হবে।

পকেট গেইট বন্ধের নোটিশ
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলা বা বাড়তি খরচ করানো আমাদের উদ্দেশ্য নয়। এই গেইটটির ঠিক বিপরীতেই আজিজ সুপার মার্কেট ও শাহবাগ এলাকা, যা বিশ্ববিদ্যালয়ের মূল সীমানার বাইরে। ফলে বাইরে থেকে যেকোনো দুর্বৃত্ত বা চক্রের সরাসরি আবাসিক হল এলাকায় ঢুকে পড়ার বড় ঝুঁকি থাকে। তাই বাড়তি সতর্কতা হিসেবে এই গেইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
গেইটে প্রহরী মোতায়েনের দাবির প্রসঙ্গে তিনি জানান, ইউজিসির নিয়ম অনুযায়ী হুট করে প্রহরী নিয়োগ দেওয়া সম্ভব নয়; পাশাপাশি একজনের পক্ষে বিভিন্ন হলের হাজার হাজার আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীর পরিচয়পত্র যাচাই করাও বাস্তবে কঠিন। তবে ভবিষ্যতে স্থায়ী ও নিরাপদ সমাধান হিসেবে একজন প্রহরীর পাশাপাশি শিক্ষার্থীদের পরিচয়পত্র পাঞ্চ করে প্রবেশের জন্য ‘ডিজিটাল গেইট’ স্থাপনের বিষয়টি প্রশাসনের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।