নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ PM
মুফতি তাকি উসমানি

মুফতি তাকি উসমানি © সংগৃহীত

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে তার সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি সরকার। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি বলেন, বাংলাদেশ সরকার মুফতি তাকি উসমানির সফরের জন্য প্রয়োজনীয় এনওসি দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশে কঠিন পরিস্থিতি ও অরাজকতা বিরাজ করছে। এ অবস্থায় তাকে এখন বাংলাদেশে না এনে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় উলামা আইম্মা পরিষদের সংবাদ সম্মেলন

মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, ‘বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। তারপরও সফরটি যথাসময়ে আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে-এমন আশাও ছিল। তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তার মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় যেহেতু বর্তমান পরিস্থিতিতে সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে, তাই শেষ পর্যন্ত সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’

মুফতি তাকি উসমানির বয়স ও শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুফতি তাকি উসমানি ভয়েস বার্তার মাধ্যমে তাকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে বাংলাদেশে আনার কথা জানানো হয়েছে।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুফতি তাকি উসমানির। এসব আয়োজনের মধ্যে ছিল আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দি সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহি সম্মেলন ও দরসে বুখারি।

জানা গেছে, মুফতি তাকি উসমানি বিখ্যাত তাফসিরগ্রন্থ মাআরিফুল কোরআনের রচয়িতা মুফতি শফি উসমানির ছেলে। বর্তমান বিশ্বের একজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব তিনি। তিনি হাদিস, ইসলামি ফিকহ, তাসাউফ ও অর্থনীতি বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামি অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।

বাংলা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের বিচারপতি এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

কোরআনের তাফসির, ইসলামি অর্থনীতি, ইসলামি আইন, রাজনীতি, তাসাউফসহ ইসলামি নানা বিষয়ে বই লিখেছেন মুফতি তাকি উসমানি। তার বেশ কিছু বই বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা আটক
  • ২০ নভেম্বর ২০২৬
নিরাপত্তা না পেয়ে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
  • ২০ নভেম্বর ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য সুখবর, আসছে বিশাল…
  • ২০ নভেম্বর ২০২৬
৫ মিনিটের পথ পাড়ি দিতে লাগে আধা ঘণ্টার বেশি, ভোগান্তিতে ঢা…
  • ২০ নভেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমা…
  • ২০ নভেম্বর ২০২৬
চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল দক্…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage