জাবি ক্যাম্পাস © সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে সুষ্ঠু আসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীদের সাত দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানরত যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাদের পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে হল ত্যাগ করতে হবে। হলের আসন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা এবং সার্বিক কার্যক্রমের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ট) ধারা অনুযায়ী পরিচয়পত্র, চিকিৎসা কার্ড ও গ্রন্থাগার কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে হল ছাড়তে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট হল প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।