প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত ও সম্পাদিত
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘরে জন্ম নেন তাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান।
দীর্ঘ রাজনৈতিক পথচলা, নানা প্রতিকূলতা ও দীর্ঘ প্রবাসজীবন পেরিয়ে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে যুক্ত হয় নতুন অধ্যায়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র তিন বছর। সে সময় মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তাকে ও তার মা বেগম খালেদা জিয়া, ছোট ভাই আরাফাত রহমান কোকোসহ গ্রেপ্তার করা হয়। কৈশোরকালেই বাবাকে হারান তিনি। এ ছাড়া রাষ্ট্রীয় দমন-পীড়নের এ অভিজ্ঞতা তার জীবনধারাকে স্বাভাবিক শিক্ষাজীবনের চেয়ে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি করে।
এরশাদবিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সঙ্গে রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন। ১৯৮৮ সালে তিনি বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন।
শিক্ষাজীবনে প্রধানমন্ত্রী ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। এসময় স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন। কিন্তু সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম অস্থির। এরশাদ সরকারের স্বৈরাচারী শাসনামলে রাজনৈতিক দমন-পীড়ন, বিরোধী আন্দোলন এবং তীব্র সেশনজটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি তারেক রহমান।
রাজনৈতিক প্রতিহিংসা, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দমন-পীড়ন এবং একের পর এক মামলার চাপে ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট ও রাষ্ট্রীয় নিপীড়নই তাকে চিকিৎসার জন্য দেশত্যাগে বাধ্য করে।
তৎকালীন সরকার তাকে কোনো অভিযোগ ছাড়াই ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বাসা থেকে গ্রেফতার করে। রিমান্ডে অমানবিক নির্যাতন করা হয়। টানা ৫৫৪ দিনের কারাগারে থাকাকালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে, যার ফলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। তবে দেশে ফিরে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না থাকায় এবং রাজনৈতিক মামলার কারণে বিদেশেই অবস্থান করতে বাধ্য হন।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রায় ১৭ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরেন তিনি। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিয়ে দলকে বিজয়ী করেন। পরে ১৭ ফেব্রুয়ারি ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠান করা হবে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও এতিমখানা উত্তর বারিধারায় দোয়া ও বিশেষ মোনাজাত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এর বাইরে দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।