ধুয়ে-মুছে পরিষ্কার করল শেখ মুজিবুর রহমানের সমাধি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ © টিডিসি ফটো
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কোনো পারিশ্রমিক ছাড়াই আজ শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে এ কর্মসূচিতে অংশ নেন বৃদ্ধ, যুবক ও শিশুসহ নানা বয়সের মানুষ।
দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সমাধিসৌধ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা যায়।
অংশগ্রহণকারীরা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে স্বেচ্ছায় অংশ নিতে পেরে তারা আনন্দিত। কোনো পারিশ্রমিকের প্রত্যাশা ছাড়াই নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা থেকে তারা এ উদ্যোগে যুক্ত হয়েছেন।
স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা জানান, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মধ্য দিয়ে কাজ করার অভিজ্ঞতা তাদের কাছে ঈদের আনন্দের মতো মনে হয়েছে।