দেশে স্টার্ট-আপে বিনিয়োগ নিয়ে এনএসইউতে আলোচনা সভা

১৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ PM
বাংলাদেশে স্টার্ট-আপে বিনিয়োগ নিয়ে এনএসইউতে আলোচনা সভা

বাংলাদেশে স্টার্ট-আপে বিনিয়োগ নিয়ে এনএসইউতে আলোচনা সভা © জনসংযোগ

নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টার্টআপস নেক্সট (এনএসইউএসএন) বাংলাদেশে স্টার্ট-আপের অর্থায়ন, বিনিয়োগের সুযোগ ও ব্যবসা সম্প্রসারণের চ্যালেঞ্জ নিয়ে ‘ফান্ডিং দ্য ফিউচার: রি থিংকিং স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে অনুষ্ঠিত এ সভায় বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নিয়ে দেশের স্টার্ট-আপ খাতের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরুল হাই, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের (এটি ক্যাপিটাল) চেয়ারম্যান ইফতেখারুল (ইফতি) ইসলাম এবং ট্রান্সফোটেক একাডেমির সিইও শেখ গালিব রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

আলোচনায় ইফতেখারুল ইসলাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভিন্ন শিল্প খাতে পরিবর্তন আনছে। কৃষি ও স্বাস্থ্যসেবার মতো খাতে এআইয়ের ব্যবহার নিয়ে উদ্যোক্তাদের আরও অনুসন্ধান করা উচিত। তিনি বলেন, স্টার্ট-আপের সাফল্যের জন্য উদ্ভাবন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা এবং আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানের মূল্যায়ন পদ্ধতি (ভ্যালুয়েশন) সম্পর্কেও উদ্যোক্তাদের ধারণা থাকতে হবে। বিশ্ববিদ্যালয় ও স্টার্ট-আপ ইকোসিস্টেমের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ ছাড়া বিনিয়োগের জন্য আগ্রহী উদ্যোগগুলোকে অর্থায়নে স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড ও সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

নুরুল হাই দেশের স্টার্টআপগুলোর মধ্যে মেন্টরশিপ এবং বিনিয়োগ পাওয়ার প্রস্তুতির ঘাটতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণ করতে হলে উদ্যোক্তাদের এমন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে হবে, যার কার্যকারিতা যাচাই করা হয়েছে, আয় করার সক্ষমতা রয়েছে এবং যা দীর্ঘমেয়াদে টেকসই। 

বিনিয়োগকারীরা শুধু প্রতিষ্ঠানের বর্তমান আয় বিবেচনা করেন না; বরং উদ্যোক্তা দলের সমন্বয়, সক্ষমতা এবং ভবিষ্যতে আয় বৃদ্ধির সম্ভাবনাকেও গুরুত্ব দেন।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, ইউআইএইচপি (UIHP) ও স্কেল-আপ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক স্টার্ট-আপের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ করেছে। আন্তর্জাতিক পর্যায়ের অ্যাকসিলারেটর কর্মসূচি, ফান্ড অব ফান্ডস, জাতীয় স্টার্ট-আপ পোর্টাল, স্টার্ট-আপ অর্থায়নে জাতীয় নীতিমালা এবং বিভিন্ন উদ্ভাবন কেন্দ্রের নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। তাঁর মতে, দেশে বিনিয়োগের সুযোগ থাকলেও অনেক স্টার্ট-আপের বিনিয়োগ পাওয়ার জন্য নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করা প্রয়োজন।

শেখ গালিব রহমান বলেন, বিশেষ করে প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলোর প্রচলিত জামানত দেওয়ার মতো সম্পদ না থাকায় বিনিয়োগকারীরা উদ্যোক্তার দক্ষতা ও দলের সক্ষমতাকে বেশি গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্রভিত্তিক তাঁর নিজের স্টার্ট-আপের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, প্রতিষ্ঠানটি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষ স্নাতকদের নিয়োগ দিচ্ছে এবং ব্যবসাটিকে আয়মুখী করার লক্ষ্যে কাজ করছে। একটি সফল ব্যবসা গড়ে তুলতে দক্ষ জনবল ও শক্তিশালী দলের গুরুত্বও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি দেশের বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করতে আগ্রহী। তবে স্থানীয় স্টার্টআপগুলোর সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্কের অভাব রয়েছে তাঁদের। এ ক্ষেত্রে গ্লোবাল বাংলাদেশি বিজনেস চেম্বার (জিবিবিসি) প্রবাসীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে দেশের স্টার্টআপগুলোকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী উদ্যোক্তাদের শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক প্রবণতার দিকে মনোযোগ না দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশের মতো খাতে বাস্তব সামাজিক সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, স্টার্টআপগুলোকে প্রথমে দেশের স্থানীয় সমস্যার সমাধান এবং অভ্যন্তরীণ বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে। এরপর আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া যেতে পারে। তাঁর মতে, স্টার্ট-আপ ইকোসিস্টেমে অর্থায়নের সীমাবদ্ধতার পাশাপাশি বাস্তবসম্মত ও উদ্ভাবনী ধারণারও ঘাটতি রয়েছে। তাই সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন কার্যকর ও সম্প্রসারণযোগ্য সমাধান নিয়ে উদ্যোক্তাদের কাজ করা প্রয়োজন।

আলোচনা সভায় তৈরি পোশাকশিল্প, আর্থিক সাক্ষরতা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতের স্টার্ট-আপ উদ্যোগের উপস্থাপনাও ছিল। এসব আলোচনা শিক্ষার্থী ও সম্ভাব্য উদ্যোক্তাদের বিনিয়োগ পাওয়ার প্রস্তুতি, ব্যবসার উন্নয়ন এবং বাংলাদেশে টেকসই স্টার্ট-আপ গড়ে তোলার আর্থিক ও কৌশলগত দিক সম্পর্কে ধারণা দেয়।

৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
  • ১৯ নভেম্বর ২০২৬
দেশে স্টার্ট-আপে বিনিয়োগ নিয়ে এনএসইউতে আলোচনা সভা
  • ১৯ নভেম্বর ২০২৬
এবার সমন্বয়ক মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 
  • ১৯ নভেম্বর ২০২৬
শীত উপলক্ষে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘ভয় পাইয়ো না বাবা, আমরা কখনও কারও ক্ষতি করি নাই’ বাড়িতে আগু…
  • ১৯ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সমাবর্তনের ফি কমাল, সনদে ছাড় ১ হাজার টাকা
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage