জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফিদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। © সংগৃহীত
‘ভয় পাইয়ো না বাবা, আমরা কখনও কারও ক্ষতি করি নাই। আল্লাহই বাঁচাইবো।’ গভীর রাতে গ্রামের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ছেলে খান তালাত মাহমুদ রাফিকে ফোন করে এ কথা বলেন তাঁর মা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে রাফিদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা-মা। প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এ ঘটনার কথা জানান।
পোস্টে রাফি লেখেন, ‘বুধবার রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে তারা। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মারে বাঁচাইসে।’
মায়ের সঙ্গে ফোনালাপের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আমারে আম্মা ফোন দিয়া কইলো, “ভয় পাইয়ো না বাবা, আমরা কখনও কারও ক্ষতি করি নাই। আল্লাহই বাঁচাইবো।” আল্লাহ আমার আব্বা-আম্মাকে হেফাজত করো।’
রাফি জানান, বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়।
এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁর ঘুমন্ত বাবা-মা। ঘটনার কয়েকটি ছবিও ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন রাফি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন গণমাধ্যমকে বলেন, বুধবার রাত ৩টার দিকে রাফির বাড়িতে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে পুলিশ জানতে পেরেছে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি। চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।