খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ল’ কার্নিভাল © টিসিডি ছবি
শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ল’ কার্নিভাল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালে বিদায়ী ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যারিয়ারবিষয়ক আলোচনা, মুট কোর্ট প্রদর্শনী, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মেহেদী হাসান রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল ইসলাম।
কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল ‘ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক আলোচনা। এতে বক্তব্য দেন রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। তিনি বলেন, আইন বিষয়ে পড়াশোনার শুরু থেকেই শিক্ষার্থীদের পেশাগত লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। পাশাপাশি বিচার বিভাগ, আইন পেশা ও অন্যান্য কর্মক্ষেত্রে নিজেদের উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়জীবন থেকেই প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিদায়ী ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. শাহরিয়ার হোসেন সিয়াম ও মিথিলা ফারজানা সেতু। পরে আইন বিভাগের মুট কোর্ট টিম একটি কাল্পনিক বিচারিক কার্যক্রম উপস্থাপন করে। এতে আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব সম্পর্কে বাস্তবধর্মী ধারণা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আহসানুল্লাহ হাবিব, ইমেরিটাস অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. হোসাইন রেজা, স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান, রেজিস্ট্রার মো. মিজানুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক আবু তোরাব মো. হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া অতিথি হিসেবে অংশ নেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রফিক সরকার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির কর্নেল।
অতিথিদের বক্তব্যে আইন শিক্ষার সঙ্গে পেশাগত বাস্তবতার সংযোগ স্থাপনের বিষয়টি গুরুত্ব পায়। তারা বার, বেঞ্চ ও একাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়, বিচার বিভাগ ও আইনজীবী সমিতির সমন্বিত উদ্যোগে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, পেশাগত প্রশিক্ষণ, অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে দিকনির্দেশনা এবং বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ বাড়তে পারে।
এ সময় শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, নেতৃত্ব, যোগাযোগ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে কুইজ, বিতর্ক ও মুট কোর্টের মতো কার্যক্রমের গুরুত্বও তুলে ধরা হয়। পাশাপাশি একাডেমিক সাফল্য, নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষের পারফরম্যান্সে উৎসাহ দিতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এবং ‘সর্বোচ্চ উপস্থিতি ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদানের উদ্যোগের বিষয়েও আলোচনা হয়।
কার্নিভালে শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন ও অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এ পর্বের কার্যক্রম শেষ হয়।
এদিকে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় কার্নিভালে বিনামূল্যে আইনগত সহায়তা বুথ স্থাপন করা হয়। শিক্ষার্থীদের জন্য আইনবিষয়ক কুইজ প্রতিযোগিতা, ফটো বুথসহ বিভিন্ন বিনোদনমূলক ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়। দিনশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভালের সমাপ্তি ঘটে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত প্রস্তুতি, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। একই সঙ্গে আইন শিক্ষাপ্রতিষ্ঠান, বিচার বিভাগ ও আইন পেশার মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।