নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’। © সংগৃহীত
নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হয়েছে পাঁচ সদস্যের দল ‘ক্রোনোস্ট্রাইডার’। মহাকাশচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য দলটি তৈরি করেছে সফটওয়্যার ‘অ্যাস্ট্রা—অ্যাস্ট্রোনট সেলফ-ট্রায়াজ অ্যান্ড রেডিনেস অ্যাসিস্ট্যান্ট’।
দলটির সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান ফাহাদ, সাদিয়া সুলতানা পূর্ণিমা ও মো. হৃদয়। এ ছাড়া শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইরফান ও মারিয়া নুসরাত রয়েছেন। দলটির নেতৃত্ব দেন আবদুর রহমান ফাহাদ।
‘অ্যাস্ট্রা’ মহাকাশচারীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে মঙ্গলগ্রহে দীর্ঘ অভিযানের মতো পরিস্থিতিতে পৃথিবীর সঙ্গে যোগাযোগে বিলম্ব হলে বা যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে এটি মহাকাশচারীদের নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি বুঝতে এবং প্রাথমিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
ব্যক্তিগত স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে সতর্কতা
মহাকাশ অভিযানে বিকিরণ, মাধ্যাকর্ষণহীনতা, ঘুমের সমস্যা, বিচ্ছিন্নতা ও সীমিত চিকিৎসাসুবিধার কারণে মহাকাশচারীরা নানা স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের তাৎক্ষণিক সহায়তা পাওয়াও কঠিন হয়ে পড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে ‘অ্যাস্ট্রা’।
সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক পর্যবেক্ষণের পাশাপাশি অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করতে পারে। কখন প্রাথমিক ব্যবস্থা নিতে হবে এবং কখন ক্রু মেডিকেল অফিসার বা পৃথিবীর চিকিৎসা দলের সহায়তা প্রয়োজন, সে বিষয়েও নির্দেশনা দেয়।
প্রকল্পটির একটি বিশেষ দিক হলো, এটি প্রত্যেক মহাকাশচারীর ব্যক্তিগত স্বাস্থ্য-ইতিহাস ও আগের শারীরিক পরিমাপের সঙ্গে বর্তমান তথ্য তুলনা করে পরিবর্তন শনাক্ত করতে পারে। একাধিক মহাকাশচারীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দিলে মহাকাশযানের পরিবেশগত সমস্যার সম্ভাবনাও বিবেচনায় নেয়।
এতে জরুরি চিকিৎসাপদ্ধতি, স্বাস্থ্যগত প্রবণতা বিশ্লেষণ, ব্যক্তিগত ব্যায়াম পরিকল্পনা, মহাকাশের পরিবেশ অনুযায়ী স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং যোগাযোগে বিলম্ব বিবেচনায় চিকিৎসাসংক্রান্ত বার্তা ব্যবস্থাপনার সুবিধা রয়েছে।
প্রযুক্তিগতভাবে প্রকল্পটিতে নেক্সট জেএস, টাইপস্ক্রিপ্ট, থ্রি জেএস, পাইথন, ফাস্টএপিআই, এসকিউএলাইট ও এনভিডিয়া নেমোট্রন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি নাসার জেপিএল হরাইজনস, ওপেন সায়েন্স ডেটা রিপোজিটরি, ডনকি এবং হিউম্যান রিসার্চ প্রোগ্রামের তথ্য ও গবেষণা কাজে লাগানো হয়েছে।
স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে প্রকল্পটির মূল সিদ্ধান্ত গ্রহণ করে নিয়মভিত্তিক ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যাখ্যা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সহায়তা করে। ফলে স্বাস্থ্য সতর্কতা তৈরি বা বাতিলের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সরাসরি নির্ভর করতে হয় না।
প্রকল্পটিতে নাসার বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা প্রয়োজনীয় তথ্য আগে থেকেই সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ফলে মহাকাশযানে ব্যবহারের সময় মূল স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা সচল রাখতে সরাসরি ইন্টারনেট বা পৃথিবীর সার্ভারের ওপর নির্ভর করতে হবে না। কার্যকারিতা যাচাইয়ে পাইথন পাইটেস্ট ব্যবহার করে ১৫১টি স্বয়ংক্রিয় পরীক্ষাও চালিয়েছে দলটি।
দুই মাসের প্রস্তুতি, দুই দিনের হ্যাকাথন
দলটির ভাষ্য, মূল হ্যাকাথন অনুষ্ঠিত হয় ১৩ ও ১৪ নভেম্বর। এই দুই দিনে প্রকল্পটির প্রাথমিক সংস্করণ তৈরি, বিভিন্ন সুবিধা যুক্ত করা, পরীক্ষা ও উপস্থাপনার কাজ সম্পন্ন করা হয়। তবে প্রকল্পটির গবেষণা ও প্রস্তুতি শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে।
প্রতিযোগিতায় বড় চ্যালেঞ্জ ছিল নাসার বিভিন্ন গবেষণা ও তথ্যসূত্র ব্যবহার করে নির্ভরযোগ্য এবং ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে সক্ষম স্বাস্থ্য পর্যবেক্ষণব্যবস্থা তৈরি করা। পাশাপাশি সীমিত সময়ের মধ্যে ব্যবহারকারী ইন্টারফেস, সার্ভার, তথ্য প্রক্রিয়াকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী সমন্বয় করে কার্যকর নমুনা সংস্করণ তৈরি করতে হয়েছে।
দলের সদস্যদের মধ্যে আবদুর রহমান ফাহাদ দল ও প্রকৌশল নেতৃত্বের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইরফান তথ্য প্রকৌশল, সাদিয়া সুলতানা পূর্ণিমা ব্যবহারকারী ইন্টারফেস ও অভিজ্ঞতা কৌশল, মারিয়া নুসরাত পণ্য সমন্বয় এবং মো. হৃদয় ভিডিও ও গল্প উপস্থাপনার দায়িত্বে ছিলেন।
দলনেতা আবদুর রহমান ফাহাদ বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর কুমিল্লা পর্বে দ্বিতীয় রানার-আপ হওয়া আমাদের পুরো দলের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। অ্যাস্ট্রা তৈরির ধারণা এসেছে মহাকাশ অভিযানে পৃথিবী থেকে চিকিৎসাসহায়তা পেতে দীর্ঘ সময় লাগার বাস্তবতা থেকে। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চেয়েছি, যা মহাকাশচারীদের নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি বুঝতে এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছাড়াও প্রাথমিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।’
ভবিষ্যতে মহাকাশ গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রকল্পটির নির্ভুলতা বাড়ানো, বাস্তব স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্রের সঙ্গে যুক্ত করা এবং আরও কার্যকর পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, প্রযুক্তিবিদ ও উদ্ভাবকদের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক হ্যাকাথন। ২০২৬ সালে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ নয়টি শহরে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের আয়োজনে ৪ হাজার ৬৫৭ জন নিবন্ধিত প্রতিযোগী এবং ৬০০টির বেশি দল অংশ নেয়।
কুমিল্লা আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হলেও ‘ক্রোনোস্ট্রাইডার’-এর বৈশ্বিক মনোনয়নের চূড়ান্ত ফল এখনো ঘোষণা করা হয়নি। স্থানীয় পর্যায়ের ফলাফলের পর নির্বাচিত প্রকল্পগুলো আন্তর্জাতিক পর্যায়ের বিচারপ্রক্রিয়ার জন্য বিবেচিত হবে।