বাংলাদেশ, ভারত ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের বাজারে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বাংলাদেশে গত ২০ নভেম্বর এক দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। একই দিন দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম কমে ১৯ দিরহাম। ভারতেও গত ১৯ নভেম্বর এক দিনে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি ১০ গ্রামের দাম কমেছিল ২ হাজার ৫১২ রুপি। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান, যুক্তরাষ্ট্রের বন্ডের মুনাফা বৃদ্ধি এবং সুদের হার বাড়ার প্রত্যাশাকে এই দরপতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশে অবশ্য পরবর্তী সময়ে দামে কিছুটা পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৩ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর আগের দিন দাম কমানো হয়েছিল ৬ হাজার ১৮১ টাকা।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। গত ২৩ অক্টোবর জুলাইয়ের পর প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে। পরে দাম কিছুটা বাড়লেও বর্তমানে তা ৪ হাজার ৩০ ডলারের আশপাশে লেনদেন হচ্ছে। গত এক মাসে স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। গত ২৮ জানুয়ারি গড়া ৫ হাজার ৫৯৫ ডলারের রেকর্ড দামের তুলনায় বর্তমান দর প্রায় ২৮ শতাংশ কম। ২০২৫ সালে স্বর্ণের দাম ৬৪ শতাংশ বেড়ে ওই রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
স্বর্ণের এই দরপতনের পেছনে যুক্তরাষ্ট্রের বন্ডবাজারের পরিস্থিতিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। চলতি সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) তাদের মূল সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে সুদের হার স্থির রাখার পর গত সেপ্টেম্বরে তা শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানো হয়েছিল।
মর্নিংস্টারের মার্কিন অর্থনীতিবিদ প্রেস্টন ক্যাল্ডওয়েল লিখেছেন, ফেড সুদের হার না বাড়ালেও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম এখনো শেষ হয়নি। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তী বছর পর্যন্ত আরও তিন দফায় মোট শূন্য দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়াতে পারে ফেড।
টি. রো প্রাইসের কমোডিটি বিভাগের প্রধান রিক ডি লস রেয়েসের মতে, স্বর্ণের দাম কমার পেছনে উচ্চ সুদের হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর ব্যাখ্যা, প্রকৃত সুদের হার বাড়লে স্বর্ণের তুলনায় ডলারে বিনিয়োগের আকর্ষণ বেড়ে যায়। কারণ, স্বর্ণের বিপরীতে বিনিয়োগকারীরা কোনো সুদ পান না। ফলে সুদ থেকে আয় করার সুযোগ তৈরি হলে স্বর্ণের প্রতি আগ্রহ কমতে পারে।
ক্রেডিট মিউচুয়াল এএমের পোর্টফোলিও ম্যানেজার শার্লট পিউরন বলেন, মূল্যস্ফীতির প্রত্যাশিত হারের তুলনায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফার হার দ্রুত বাড়ছে। এতে প্রকৃত সুদের হার ঊর্ধ্বমুখী হচ্ছে। পাশাপাশি ডলারের অস্থিরতাও স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে।
মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত, জ্বালানির দাম এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে আগামী কয়েক মাসেও বাজারে অস্থিরতা থাকতে পারে বলে আশঙ্কা করছেন শার্লট পিউরন।
জুপিটার গোল্ড অ্যান্ড সিলভার ফান্ডের পরিচালক নেড নেইলর-লেল্যান্ডও সুদের হারের প্রভাবের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, স্বল্পমেয়াদি প্রকৃত সুদের হার বেড়ে যাওয়ায় হেজ ফান্ড ও ট্রেডাররা স্বর্ণের বাজার থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছেন।
স্বর্ণের বাজারে বিনিয়োগ
মর্নিংস্টারের তথ্য অনুযায়ী, চলতি বছর স্বর্ণের বাজারে বিনিয়োগের প্রবাহে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। জানুয়ারিতে বৈশ্বিক গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নিট ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ এলেও মার্চে বিনিয়োগকারীরা তুলে নেন ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার। ২০২৬ সালের কোনো এক মাসে এটিই ছিল সর্বোচ্চ বিনিয়োগ প্রত্যাহারের ঘটনা। সব মিলিয়ে বছরের প্রথমার্ধে এসব তহবিল থেকে নিট ৪ বিলিয়ন ডলার বেরিয়ে যায়।
তবে আগস্টে বিনিয়োগের চিত্র পাল্টে যায়। আর্থিক খাত নিয়ে উদ্বেগ এবং মার্কিন ট্রেজারি বিভাগের ১৯ আগস্ট দীর্ঘমেয়াদি বন্ড কেনার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণার পর ডলারের অবমূল্যায়নের আশঙ্কা তৈরি হয়। এর প্রভাবে ওই মাসে স্বর্ণের ইটিএফে রেকর্ড ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে।
সেপ্টেম্বরে স্বর্ণের দাম ৮ শতাংশের বেশি কমলেও ইটিএফে বিনিয়োগ অব্যাহত রাখেন বিনিয়োগকারীরা। ওই মাসে নতুন করে ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার যোগ হয়। বিশ্ব গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এ ঘটনাকে 'অত্যন্ত অস্বাভাবিক' বলে উল্লেখ করেছে।
ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বৈশ্বিক ইটিএফে স্বর্ণের মজুত ৭০ টনের বেশি বাড়ে। তা সত্ত্বেও ফিউচার বাজারে বড় ধরনের বিক্রির চাপ থাকায় স্বর্ণের দাম কমে যায়।
অন্যদিকে, সরাসরি স্বর্ণের চাহিদাও কমেছে। উচ্চমূল্যের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গয়না তৈরিতে স্বর্ণের বৈশ্বিক চাহিদা কমে ২৭৮ টনে দাঁড়িয়েছে। করোনাভাইরাস মহামারির পর এটি সর্বনিম্ন। গত বছরের একই সময়ের তুলনায় এ চাহিদা কমেছে ১৭ শতাংশ। ভারতে গয়নার জন্য স্বর্ণের চাহিদা কমেছে ৬ শতাংশ।
ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন।
স্বর্ণের দাম নির্ধারণ করে কারা
দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার প্রবণতা আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়াতে ভূমিকা রাখছে। তবে চলতি বছর এ ধরনের কেনাকাটার গতি কিছুটা কমেছে।
বিশ্ব গোল্ড কাউন্সিলের তথ্যমতে, তুরস্ক, রাশিয়া ও আজারবাইজানের ব্যাপক স্বর্ণ বিক্রির কারণে চলতি বছরের প্রথমার্ধে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৩৪৫ টন স্বর্ণ কিনেছে। ২০২২ সালের পর ছয় মাসে এটি সর্বনিম্ন কেনাকাটা। তবে আগস্টে চীন, উজবেকিস্তান ও পোল্যান্ডের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩৯ টন স্বর্ণ কেনে।
ডব্লিউজিসির ২০২৬ সালের জরিপে অংশ নেওয়া ৭৬টি কেন্দ্রীয় ব্যাংকের ৮৯ শতাংশ মনে করে, আগামী ১২ মাসে বৈশ্বিক স্বর্ণের মজুত আরও বাড়বে।
রিক ডি লস রেয়েসের মতে, চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের অংশ এখনো ১০ শতাংশের কম। অথচ উন্নত অর্থনীতির দেশগুলোতে এ হার প্রায় ৩০ শতাংশ। ফলে চীনের মতো দেশগুলোর স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। এ কারণে দীর্ঘ মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনাকাটা স্বর্ণের চাহিদা ধরে রাখতে সহায়তা করবে।
তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন নেড নেইলর-লেল্যান্ড। তাঁর মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার সঙ্গে আন্তর্জাতিক বাজারে এ ধাতুর দামের ওঠানামার সরাসরি সম্পর্ক নেই।
নেইলর-লেল্যান্ডের ব্যাখ্যা, বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ৫০০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলারের স্বর্ণ লেনদেন হয়। এত বড় বাজারে সরাসরি স্বর্ণ কেনাবেচার পরিবর্তে সিনথেটিক ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) চুক্তির মাধ্যমে মূলত দাম নির্ধারিত হয়। ফলে স্বর্ণের বাজারদরে কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটার পাশাপাশি আর্থিক বাজারের চুক্তিভিত্তিক লেনদেনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।