ভারতীয় দলের বাইরে থাকার কষ্ট এখনও ভুলতে পারেননি সূর্যকুমার যাদব। টানা পাঁচ বছর জাতীয় দলের হয়ে খেলার পর হঠাৎ বাদ পড়াটা তার জন্য বেশ বেদনাদায়ক, বেশ অকপটেই তা স্বীকার করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে সেই কষ্ট পেছনে ফেলে আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ দিতে চান তিনি। তার লক্ষ্য, মুম্বাইকে সৈয়দ মুস্তাক আলী ট্রফির শিরোপা জেতানো।
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরও বিতর্কিতভাবে জাতীয় দল থেকে বাদ পড়েন সূর্যকুমার। দীর্ঘদিন ভারতীয় দলের নিয়মিত সদস্য থাকার পর এমন পরিস্থিতি তার জন্য যে সহজ নয়, সেটিও জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের সূর্যকুমার বলেন, “অবশ্যই, ভারতীয় দলের বাইরে থাকাটা কষ্টের। আপনি টানা পাঁচ বছর খেলেছেন, এরপর হঠাৎ ভারতের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না—এটা কষ্ট দেয়। তবে খেলাটা এমনই।”
তিনি বলেন, “এই খেলাটি আপনাকে অনেক কিছু শেখায়। গত দুই বছরে এবং আইপিএলের পরও ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু শেখার রয়েছে। আর যেমনটা বলা হয়, সুড়ঙ্গের শেষেও আলো থাকে। ততক্ষণ পর্যন্ত নিজের কাজ চালিয়ে যেতে হবে।”
জাতীয় দলে ফেরার ভাবনার চেয়ে আপাতত মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটের চ্যালেঞ্জকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সূর্যকুমার। সামনে আইপিএলের আগে আরও কয়েকটি টুর্নামেন্ট রয়েছে তার। তাই এখনই আইপিএল নিয়ে ভাবতে চান না এই ব্যাটার।
তিনি বলেন, “আইপিএল এখনও অনেক দূরে। এর মধ্যে আরও অনেক টুর্নামেন্ট রয়েছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফির পর বিজয় হাজারে ট্রফি এবং এরপর রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব রয়েছে। তাই আইপিএল এখনও অনেক দূরের বিষয়।
“এই মুহূর্তে আমি শুধু সুপার লিগের দিকে মনোযোগ দিচ্ছি। প্রতিটি ম্যাচ জিততে চাই। এরপর অবশ্যই ফাইনাল জিততে চাই।”
জাতীয় দল থেকে বাদ পড়ার পেছনে নিজের ব্যাটিংয়ে কোনো সমস্যা দেখছেন না সূর্যকুমার। তার মতে, গত পাঁচ বছর ধরে যেভাবে ব্যাটিং করে আসছেন, এখনও সেই একই ধরনে খেলছেন তিনি। সাম্প্রতিক সময়ে অনুশীলনে বাড়তি সময় দেওয়াই মাঠের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন এই ব্যাটার।
সূর্যকুমার বলেন, “আমার মনে হয় না, আমার ব্যাটিংয়ে কোনো কিছু ভুল হয়েছিল। গত পাঁচ বছর ধরে আমি যেভাবে খেলে আসছি, এখনও সেভাবেই খেলছি। সব জায়গায় ব্যাটিং উপভোগ করেছি। ভারতের হয়ে খেলার সময়ও, আবার মুম্বাইয়ের হয়েও।
“এখনও আমি একই কাজ করছি। আমার মনে হয়, এর পেছনে অনেক ব্যাটিং অনুশীলন রয়েছে। গত ৮-১০ সপ্তাহে আমি সেটাই করেছি, যার প্রতিফলন মাঠে দেখা যাচ্ছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, ভাগ্য তত বেশি আপনার সহায় হবে। তাই আমার মনে হচ্ছে, এই মুহূর্তে আমি ভাগ্যবান…”