আর্জেন্টিনার সঙ্গে কেন সম্পর্কে ফাটল ধরল মেসির?

২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে লিওনেল মেসির দীর্ঘদিনের বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। জাতীয় দলের জার্সিতে দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার সবচেয়ে বড় মুখ হিসেবে পরিচিত মেসি এবার ফেডারেশনের বাণিজ্যিক কর্মকাণ্ডে নিজের নাম ও ছবি ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

গত ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এক প্রতিবেদনে জানায়, মেসি তার আইনজীবীকে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) ও সভাপতি ক্লদিও তাপিয়ার কাছে ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে বাণিজ্যিক কাজে তার নাম ও ছবি ব্যবহার বন্ধের দাবি জানানো হয়েছে।

প্রায় ২০ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম প্রধান মুখ ছিলেন মেসি। এই পরিচয়কে কেন্দ্র করে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে মেসি ও এএফএ—দুই পক্ষই। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ের পর চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বাজারে জাতীয় দলের ব্র্যান্ড ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা হাতে নেয় ফেডারেশন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই বাণিজ্যিক সম্পর্কেই দূরত্ব তৈরি হয়েছে।

‘ক্লারিন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এএফএকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে নিজের নাম ও পরিচয় আলাদা রাখতে চান মেসি। যদিও চলমান কোনো দুর্নীতির মামলায় তার নাম নেই, তবু ২০২৩ সাল থেকে ফেডারেশনের কয়েক মিলিয়ন ডলারের আয় আত্মসাতের অভিযোগে বুয়েনস এইরেসে ক্লদিও তাপিয়াকে ঘিরে যে তদন্ত চলছে, তা মেসির উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এএফএ ও তাপিয়া উভয়েই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন।

মেসি ও এএফএর সম্পর্কের অবনতির পেছনে আরেকটি ঘটনা হলো মায়ামিভিত্তিক ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপের করা মামলা। ২০২৫ সালের অক্টোবরে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি গত এপ্রিলে মামলা করে।

ওই ম্যাচে মাঠে নামেননি মেসি। পরিবারের সদস্যদের নিয়ে ভিআইপি বক্সে বসে আর্জেন্টিনার ১-০ গোলের জয় দেখেছিলেন তিনি। ভিআইডি মিউজিক গ্রুপের দাবি, মেসি ও তার পরিবারের ভিআইপি বক্সের খরচ প্রতিষ্ঠানটি বহন করেছিল। তাদের অভিযোগ, মেসির মাঠে না নামা চুক্তির শর্ত ভঙ্গের শামিল। মামলায় মেসির বিরুদ্ধে অবহেলাজনিত ভুল তথ্য দেওয়া এবং চুক্তিতে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগও আনা হয়েছে।

একই মামলায় মেসির পাশাপাশি এএফএ ও ক্লদিও তাপিয়ার নাম জড়িয়ে পড়ায় ফেডারেশনের সঙ্গে তার সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জাতীয় দলের হয়ে মেসির বিদায় ঘিরেও দর্শকদের আগ্রহে ওঠানামা দেখা গেছে। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর অক্টোবরে বেনিনের বিপক্ষে এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি হয়েছিল মাত্র ৯০ মিনিটে। প্রায় ৬০ ডলারের টিকিট পরবর্তী সময়ে পুনর্বিক্রির বাজারে ৬০০ ডলার ছাড়িয়ে যায়।

তবে বিদায়ী ম্যাচের সেই উন্মাদনা পরবর্তী সময়ে আর দেখা যায়নি। নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। সব মিলিয়ে মাঠের সাফল্যের পাশাপাশি বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন এক সমীকরণের মুখে পড়েছে মেসি ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

‘ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা পরকীয়ার মতো’—শাম…
  • ২৬ নভেম্বর ২০২৬
নিয়োগে অনিয়ম হলে কমিটি বাতিল, এমপিও স্থগিতের নির্দেশ হাইকোর…
  • ২৬ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিল মন্ত্রণালয়
  • ২৬ নভেম্বর ২০২৬
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
  • ২৬ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনার সঙ্গে কেন সম্পর্কে ফাটল ধরল মেসির?
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকার ২০ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে পাঠা…
  • ২৬ নভেম্বর ২০২৬