ঘরের মাঠে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা © টিডিসি ছবি
লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। শনিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। পরে এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি দলটি।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। ফলে বিরতিতে গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ও উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আর্জেন্টিনার রক্ষণে আঘাত হানে উরুগুয়ে। ৪৮তম মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। ৫৩তম মিনিটে জর্জিয়ান দে আরাসকায়েতার পাস থেকে গোল করেন ম্যাক্সি আরাউহো।
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আর্জেন্টিনা। ৭৩তম মিনিটে গনসালো প্রেস্টিয়ানির অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান কমান হুলিয়ান আলভারেজ। এতে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি স্বাগতিকরা।
ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। অন্যদিকে হার দিয়ে মেসি-পরবর্তী অধ্যায় শুরু হলো আর্জেন্টিনার।