ওষুধ © ফাইল ছবি
অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ডিজিডিএর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বলা হয়েছে, ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারা মোতাবেক রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার বা ব্যবস্থাপত্রের প্রয়োজন নেই এমন ওষুধ ছাড়া অ্যান্টিবায়োটিক বা অন্য কোন ওষুধ বিক্রয় বা বিতরণ করা যাবে না। অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ক্রয়-বিক্রয়ের তথ্য রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে এবং স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ অ্যান্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশমেমো প্রদান করতে হবে।
পাশাপাশি রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক রোগী যেন অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের ফুল কোর্স গ্রহণ করেন সে বিষয়ে পরামর্শ প্রদান করতে হবে। একই সাথে অ্যান্টিবায়োটিকসহ সকল ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং রেড লেবেল সম্বলিত মোড়কে উপস্থাপন ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ক্রয়-বিক্রয় হতে বিরত থাকতে হবে।
এতে আরও বলা হয়েছে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বিক্রয় বা বিতরণ করলে এবং অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয়ের তথ্য সম্বলিত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারকারী জনসাধারণের প্রতি পরামর্শ দিয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়, সেবন বা ব্যবহার হতে বিরত থাকুন। মোড়কে উল্লেখিত মেয়াদ দেখে ওষুধ ক্রয় করুন এবং বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ অ্যান্টিবায়োটিক ক্রয়ের ক্যাশমেমো সংগ্রহ করুন।
এতে আরও বলা হয়, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী পূর্ণ কোর্স অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে জীবানু অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ; তাই সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স সম্পন্ন করুন। এছাড়া মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট হওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি বা ময়লা-আবর্জনার সাথে না ফেলে আপনার নিকটস্থ ফার্মেসিতে ফেরত দিন।