কারিগরি শিক্ষা অধিদপ্তর © লোগো
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ এখনো শুরু করতে পারেনি কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই)। বদলির ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর বেসরকারি প্রতিষ্ঠানে কর্মস্থল বিবেচনায় নেওয়া হবে কি না, তা নিয়ে তৈরি হওয়া জটিলতার মধ্যেই এবার যুক্ত হয়েছে প্রশাসনিক পরিবর্তন। নতুন সচিব দায়িত্ব নেওয়ায় এবং নতুন মহাপরিচালকের যোগদান প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বদলি কার্যক্রম নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারছে না অধিদপ্তর। এ অবস্থায় নতুন সচিবের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ রবিবার (২৯ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রকল্প বাস্তবায়ন ইউনিট-পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।
তিনি বলেন, আগে সচিবের নির্দেশনা ছিল, মাউশিতে শিক্ষকদের বদলি কার্যক্রমে কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তা পর্যবেক্ষণ করা। তারা কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো দেখে কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ছিল। তবে এর মধ্যে নতুন সচিব দায়িত্ব নিয়েছেন। এখন নতুন সচিব কী নির্দেশনা দেন, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন মহাপরিচালকের যোগদান নিয়েও অনিশ্চয়তার কথা জানান এই কর্মকর্তা। তিনি বলেন, নতুন মহাপরিচালকের নিয়োগের আদেশ এখনো আসেনি এবং তিনি যোগদানও করেননি। এ কারণে অধিদপ্তর বর্তমানে একটি পরিবর্তনকাল পার করছে। প্রশাসনিক পর্যায়ে পরিবর্তনের কারণে বিভিন্ন কার্যক্রমেই কিছুটা বিলম্ব হচ্ছে।
এর আগে বদলি কার্যক্রম শুরুর ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর বেসরকারি প্রতিষ্ঠানে কর্মস্থল বিবেচনায় নেওয়া নিয়ে জটিলতার কথা জানিয়েছিল অধিদপ্তর। বর্তমান বদলি নীতিমালায় স্বামী বা স্ত্রীর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয়টি বিবেচনায় নেওয়ার সুযোগ থাকলেও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্থল বিবেচনার সুযোগ নেই। এ কারণে অনেক নারী শিক্ষক স্বামীর বেসরকারি কর্মস্থলের জেলা বিবেচনায় বদলির সুযোগ চেয়েছেন।
বিষয়টি সমাধানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে আবেদন করেছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর। মাউশির সিদ্ধান্তের আলোকে বদলি নীতিমালা ও সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করার কথা ছিল। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বদলির আবেদন গ্রহণ শুরু করা সম্ভব হয়নি।
নীতিমালা ও সফটওয়্যারেও জটিলতা
‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ অনুযায়ী, বদলির ক্ষেত্রে নারী, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতা—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তবে স্বামী বা স্ত্রীর কর্মস্থল বিবেচনার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েক ধরনের প্রতিষ্ঠানের কথা উল্লেখ থাকায় বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্থল বিবেচনায় নেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
এক্ষেত্রে নীতিমালার পাশাপাশি বদলির সফটওয়্যারেও পরিবর্তন আনতে হতে পারে। কারণ নতুন করে স্বামী বা স্ত্রীর বেসরকারি কর্মস্থলের তথ্য যুক্ত করা হলে আবেদনপ্রক্রিয়া ও আগে থেকে জমা হওয়া তথ্যের ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বদলির পর বেতন আটকে যাওয়ার শঙ্কা
বদলি কার্যক্রম শুরুর আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিয়েছে এমপিও ও ব্যাংক হিসাব পরিবর্তনের জটিলতা। একজন শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হলে নতুন কর্মস্থলে তাঁর বেতন-ভাতা কীভাবে চালু হবে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা প্রস্তুত করার বিষয়টিও আলোচনায় ছিল।
অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, বদলির পর নতুন প্রতিষ্ঠানে যোগদান করেও যেন কোনো শিক্ষককে বেতন পেতে দীর্ঘসূত্রতার মুখে পড়তে না হয়, সে জন্য আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে চান তাঁরা। আবেদন গ্রহণ ও বদলির ফল প্রকাশের পর বেতন চালুর প্রক্রিয়া প্রস্তুত না থাকলে শিক্ষকরা নতুন করে ভোগান্তিতে পড়তে পারেন।