রিভিউ খারিজ, প্রাথমিকের ১৫১ জনের নিয়োগ নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত সিভিল আপিল নম্বর ৪৪/২০২৫ নিষ্পত্তি করে ১৫১ জন রিট আবেদনকারীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সিভিল রিভিউ পিটিশন নম্বর ১০৭/২০২৬ খারিজ করা হয়েছে। 

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব।   

রায়ে উল্লেখ করা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’-এর আওতায় তিনটি ধাপে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। প্রথম ধাপে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে ২ হাজার ৪৯৭ জন এবং দ্বিতীয় ধাপে রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ হাজার ৪৫৬ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত ও মৌখিক (ভাইভা) পরীক্ষা সম্পন্ন হওয়ার পর, ২০২৪ সালের ২১ জুলাই আপিল বিভাগ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ২৫১৬ ও ২৫৩৮/২০২৪-এ কোটা পুনর্নির্ধারণ করে আদেশ দেন। ওই আদেশে মেধায় ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধাদের সন্তান/সন্ততিদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণ করা হয়।   

পরবর্তী সময়ে সরকার ২০১৯ সালের বিধিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করলে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। তবে চূড়ান্ত ফলাফলে নাম না থাকায় ৩১ জন প্রার্থী ২০২৪ সালের ৩১ অক্টোবরের ফলাফল প্রকাশের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন এবং রুল বিচারাধীন অবস্থায় আরও ১২০ জন আবেদনকারী সহ-আবেদনকারী হিসেবে যুক্ত হন। হাইকোর্ট বিভাগ ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে ২০১৯ সালের বিধিমালা অনুযায়ী প্রকাশিত ফল অবৈধ ঘোষণা করেন এবং আপিল বিভাগের ২০২৪ সালের ২১ জুলাইয়ের আদেশের আলোকে ২৩ জুলাই ২০২৪-এর প্রজ্ঞাপন অনুযায়ী নতুন করে ফল প্রকাশের নির্দেশ দেন। এর মধ্যে আপিল বিভাগের ২০২৫ সালের ৩ মার্চের আদেশের পরিপ্রেক্ষিতে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী নিয়োগ পেয়ে কর্মস্থলে যোগ দেন।   

শুনানিকালে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা জানান, ২০২৫ সালের ৮ জুলাই অ্যাটর্নি জেনারেল হলফনামা দাখিল করে ১৫১ জন রিট আবেদনকারীকে নিয়োগ দেওয়ার অঙ্গীকার করেছিলেন এবং আপিল বিভাগ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রতিপালন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও এখন পর্যন্ত তাদের নিয়োগ দেওয়া হয়নি। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল যুক্তি দেন যে ওই ১৫১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হননি বা তাদের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না; তবে আপিল বিভাগ উল্লেখ করেন, এই দাবির সমর্থনে আদালতে কোনো নথি উপস্থাপন করা হয়নি।   

আপিল বিভাগ নির্দেশনায় জানিয়েছে, ২০২৫ সালের ৮ জুলাইয়ের হলফনামায় অ্যাটর্নি জেনারেল যে ১৫১ জন রিট আবেদনকারীকে নিয়োগের অঙ্গীকার করেছিলেন, এ আদেশের কপি পাওয়ার ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নিয়োগপ্রাপ্তদের চাকরির জ্যেষ্ঠতা নির্ধারিত হবে নিজ নিজ পদে যোগদানের তারিখ থেকে, এবং তারা যোগদানের তারিখ থেকেই বেতন ও অন্যান্য সংশ্লিষ্ট ভাতাদি প্রাপ্য হবেন।

এ বিষয়ে রিটকারী ১৫১ জন বাদীর প্রধান সমন্বয়ক আবু জাফর মো. ছালেহ বলেন, ‘কোটার বিপক্ষে এবং মেধার পক্ষে দীর্ঘ এই লড়াইয়ে আমরা জয়ী হয়েছি। সরকার যাতে সর্বোচ্ছ আদালতের চূড়ান্ত রায়ের আলোকে আমাদের ১৫১ জনকে আগামী ৬০ দিনের ভিতরে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানে যোগদান প্রদান করেন সেই প্রত্যাশা করছি।’

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্য সুরক্ষা আইন হচ্ছে
  • ২৪ নভেম্বর ২০২৬
মহাকাশ শাসনের করণীয় নির্ধারণে বৈঠকে বসছে ইউরোপ 
  • ২৪ নভেম্বর ২০২৬
রিভিউ খারিজ, প্রাথমিকের ১৫১ জনের নিয়োগ নিয়ে পূর্ণাঙ্গ রায় প…
  • ২৪ নভেম্বর ২০২৬
যে কারণে সফর স্থগিত করে দেশে ফিরছেন জামায়াতে আমির
  • ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্র…
  • ২৪ নভেম্বর ২০২৬
নিজের প্রোফাইল ছবি নিয়ে মারদিয়া মমতাজের মুগ্ধতা
  • ২৪ নভেম্বর ২০২৬