নিরাপদ খাদ্য আইন সংশোধনের প্রস্তাব, সর্বোচ্চ জরিমানা হবে ১০ লাখ টাকা

২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ PM
নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে খাদ্য অধিদপ্তর

নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে খাদ্য অধিদপ্তর © সংগৃহীত

খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের প্রস্তাব দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা এবং আদায় করা অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিক দেওয়ার বিধান রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণে শৃঙ্খলা আনতে ডিলার নিয়োগের অনুপাত পরিবর্তন করা হয়েছে। আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগ দেওয়া হলেও এখন প্রতি ২৫০ জনের জন্য একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে।

এ ছাড়া তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় শ্রমিকরা প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন। ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৭৩টি ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি করা হচ্ছে।

বৈঠকে আরও জানানো হয়, দেশের খাদ্যগুদামের ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী গুদাম পরিদর্শন, প্রয়োজনে নতুন গুদাম নির্মাণ এবং পোকামাকড় ও ছত্রাক নিয়ন্ত্রণে আধুনিক ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ধান সংগ্রহে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা নিশ্চিত করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে। ভোক্তাদের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন তিনি।

কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। মাঠপর্যায়ের সিন্ডিকেট ও অনিয়ম কঠোরভাবে মোকাবিলা এবং কৃষক ও ভোক্তাদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ অন্যান্য সদস্য, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১:২ নয়, এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বাছাই ১:৩ অনুপাতে
  • ২৪ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ডা. ডোনার— ‘আপনার তো রায় হয়ে গেছে, এখন বাস্তবা…
  • ২৪ নভেম্বর ২০২৬
৫২ বলেই ডাবল সেঞ্চুরি! সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে লণ্ডভণ্ড …
  • ২৪ নভেম্বর ২০২৬
নিরাপদ খাদ্য আইন সংশোধনের প্রস্তাব, সর্বোচ্চ জরিমানা হবে ১০…
  • ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধার…
  • ২৪ নভেম্বর ২০২৬
স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি
  • ২৪ নভেম্বর ২০২৬